শাবনূরের শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন।
‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন।

আসছে ঈদে মুক্তি পাচ্ছে মিম ও ইমন জুটির নতুন ছবি ‘পদ্ম পাতার জল’। গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনূর। তিনি ছবিটির পাশাপাশি এর প্রধান দুই অভিনয়শিল্পী মিম ও ইমনকে শুভকামনা জানান।
শাবনূর বলেন, ‘আমি শুনেছি, ‘‘পদ্ম পাতার জল’’ ছবিটি অনেক ভালো হয়েছে। নির্মাণের ক্ষেত্রে অনেক যত্ন নেওয়া হয়েছে। সবকিছু শুনে মনে হয়েছে, আমি যদি ছবিটিতে অভিনয় করতে পারতাম! যাই হোক, ছবিটির পাশাপাশি এর প্রধান দুই অভিনয়শিল্পী মিম ও ইমনের জন্য শুভকামনা রইল।’
অনুষ্ঠানে ‘পদ্ম পাতার জল’ ছবির দুই মাসব্যাপী প্রমোশনাল ক্যাম্পেইনেরও উদ্বোধন করা হয়। একই সঙ্গে ছবিটির ওয়েবসাইট (www.podmopatarjol.com) ও ফেসবুক পেজ (www.facebook.com/filmppj) উন্মুক্ত করা হয় ।
অনুষ্ঠানে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সব কলাকুশলী ও সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিম ও ইমন।

‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন।
‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন।


অনুষ্ঠানে ‘পদ্ম পাতার জল’ ছবির অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা তাঁদের অনুভূতি ও আশাবাদ ব্যক্ত করেন। শুটিং চলার সময়ের নানা ধরনের মজার ঘটনা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করেন তাঁরা।
পরিচালক তন্ময় তানসেন বলেন, ‘পদ্ম পাতার জল’ ছবিটি তাঁর জীবনের অনেক বড় একটি পাওয়া। তিনি ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সব সময় তাঁর পাশে থাকার জন্য।
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্র একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।’
এ ছাড়া ‘পদ্ম পাতার জল’ ছবির কাহিনি ও সংলাপ রচয়িতা গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘এই ছবির গানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, আমি নিশ্চিত এই গানগুলো বাংলাদেশের শহর-বন্দর-গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাবে।’