শাবানার কান্নায় অনেকের চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী শাবানা আজ সোমবার বক্তৃতা দিতে গিয়ে আবেগতাড়িত হলেন। কথা বলতে বলতে একপর্যায়ে তাঁর কণ্ঠ জড়িয়ে আসে। মঞ্চে যখন শাবানা ধরে আসা কণ্ঠে কথা বলছিলেন, তখন পুরো মিলনায়তন স্তব্ধ হয়ে যায়। শাবানার বক্তব্যে দর্শকদের আসনে বসা অনেক অতিথিকেও চোখ মুছতে দেখা যায়।

বহু বছর পর চলচ্চিত্রের এমন একটি অনুষ্ঠানে এলেন শাবানা। সঙ্গে ছিলেন স্বামী ওয়াহিদ সাদিক।

এবারের চলচ্চিত্র পুরস্কারে তাঁকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার বসেছিল চলচ্চিত্রবিষয়ক দেশের সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’।

২০১৫ সালের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবার আজীবন সম্মাননা যৌথভাবে পান অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সেখানেই শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে এমন ঘটনা ঘটে।

এবার দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করতে গিয়ে গুণী এই অভিনেত্রীর চোখ সিক্ত হয়ে ওঠে।

এভাবেই আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন চিত্রনায়িকা আফরোজা সুলতানা রত্না শাবানা। ছবি: বাসস
এভাবেই আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন চিত্রনায়িকা আফরোজা সুলতানা রত্না শাবানা। ছবি: বাসস

কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, ‘এই তো সেদিন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী দুহাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি, তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন, তা সব শিল্পীর, শিল্পের। তিনি অসুস্থ পরিচালকের পাশে দাঁড়িয়েছেন।’

দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকা প্রবাসী শাবানা বক্তব্যের শুরুতে বলেন, ‘আমি যাঁদের জন্য শাবানা, আজকের এ পুরস্কার তাঁদের উৎসর্গ করলাম। আমাদের চলচ্চিত্র আজ সংকটে। কিন্তু যেকোনো সংকটের মধ্যে লুকিয়ে থাকে সমাধান।’ 


 শাবানা বলেন, ‘যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তখন কোনো সংকটই থাকতে পারে না। প্রবাসে থাকলেও আমি জ্ঞাত হয়েছি। তিনি বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট করেছেন। বিপুল অর্থের মাধ্যমে বিএফডিসি আধুনিকায়ন করেছেন। জানতে পারি, তিনি ফোর-কে রেজুলেশনের প্রজেক্টরের ব্যবস্থা করছেন। যেখানে বিশ্বের অনেক দেশে এখনো টু-কে রেজুলেশন ব্যবহার করা হয়। আমি তাঁকে সাধুবাদ জানাই।’

বিকেল সাড়ে চারটা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ সর্বাধিক নয়টি বিভাগ জয়লাভ করেছে ‘বাপজানের বায়োস্কোপ’। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এবার যুগ্মভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পান ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’।