শামসুজ্জামান খানের কিশোর সমগ্র প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমী মিলনায়তনে লোক গবেষক ও লেখক শামসুজ্জামান খানের কিশোর সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচনে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো
শিশু একাডেমী মিলনায়তনে লোক গবেষক ও লেখক শামসুজ্জামান খানের কিশোর সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচনে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো

বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট লোক গবেষক ও লেখক শামসুজ্জামান খানের ‘কিশোর সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত বইটির প্রকাশনা ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে শামসুজ্জামান খানকে সংবর্ধনা জানাতে আজ শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমি। 

বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী হাশেম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার অনুপস্থিত থাকায় তাঁর প্রেরিত বক্তব্য পাঠ করে শোনান দেবপ্রসাদ দেবনাথ।
শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুদের সমবেত নাচ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শামসুজ্জামান খান লোকসাহিত্যের সংগ্রাহক ও গবেষক হিসেবে সুপ্রসিদ্ধ। তাঁর এ বইটি প্রায় পড়ে ফেলেছি। অনেক লোককাহিনি তিনি শিশুদের উপযোগী করে লিখেছেন।’
শামসুজ্জামান খান বলেন, ‘আমাদের দেশে এখন ভালো শিশুসাহিত্যের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ, আমাদের পাঠ্যপুস্তক শিশুদের জ্ঞানের জন্য যথেষ্ট নয়।’
এ বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় শামসুজ্জামান খানকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ শিশু একাডেমী, চ্যানেল আই, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, আনন ফাউন্ডেশন, শিশুসাহিত্যিক ফোরাম, শিশুতোষ পত্রিকা ‘ঝুমঝুমি’ ও ‘কানামাছি’, ছড়া পত্রিকা ‘দৃষ্টি’, বাঙালি প্রকাশনা সংস্থা, রকমারি ডটকম ইত্যাদি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে শিল্পী আলপ্তগীন তুষারের আঁকা শামসুজ্জামান খানের একটি প্রতিকৃতি উপহার দেওয়া হয় তাঁকে। আলোচনা অনুষ্ঠান শেষে শিশু একাডেমীর শিশুশিল্পীদের পরিবেশনায় ছিল সংগীতানুষ্ঠান।