সন্ধ্যায় সরোজ বাজছিল নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী মিলনায়তনে। বাজাচ্ছিলেন ওস্তাদ শাহাদত হোসেন খান। সঙ্গে রুখসানা খান ও আফসানা খান। বাইরে অঝোরে বৃষ্টি। সরোদের সুর আর বৃষ্টি—এ দুইয়ে মিলে এক বিষাদময় আবহ। উপলক্ষ সাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন।
গতকাল বিকেলে জাতীয় জাদুঘরে এই সাহিত্যিকের জন্মবার্ষিকী উদ্যাপন করতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। কৈশোরে আজিমপুর কলোনিতে প্রতিবেশী হিসেবে তিনি পেয়েছিলেন এই সাহিত্যিককে। ঝামেলা নামে একটি দেয়াল পত্রিকার জন্য লেখা সংগ্রহ করে পড়তেও দিয়েছিলেন তাঁকে। লেখাগুলো পড়ে তিনি বলেছিলেন, ‘অভিজ্ঞতা ছাড়া সাহিত্য হয় না।’ স্মৃতিচারণা করতে গিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ইতালি থেকে আনা টেপরেকর্ডারে কলোনির কিশোরদের কণ্ঠ ধারণ করে বাজিয়ে শোনাতেন তিনি।
অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ড. শামসুদ্দীন আবুল কালাম স্মৃতি পরিষদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, কবি হায়াৎ সাইফ, অনুপম হায়াত, এম মোকাম্মেল হক। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম।
শামসুদ্দীন আবুল কালামের লেখা থেকে কিছু অংশ পাঠ করে শোনান জয়ন্ত রায় এবং ড. নীরু শামসুন্নাহার। সবশেষে গান শোনান শিল্পী স্বর্ণময়ী ও মাসুদ আহমেদ। শামসুদ্দীন আবুল কালামের স্মৃতি নিয়ে কন্যা ক্যামেলিয়ার লেখা ও দুর্লভ কিছু ছবি নিয়ে একটি সংকলন উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।