শামসুর রাহমান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামসুর রাহমান স্মরণানুষ্ঠানে নৃত্যমের নাচ l ছবি: প্রথম আলো
কবি শামসুর রাহমান স্মরণানুষ্ঠানে নৃত্যমের নাচ l ছবি: প্রথম আলো

আলোচনা, স্মৃতিচারণা, গানের সুরে, নৃত্যের ছন্দে ও কবিতার শিল্পিত উচ্চারণে উদ্যাপন করা হলো কবি শামসুর রাহমানের ৮৬তম জন্মদিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কবিকে যৌথভাবে স্মরণ করে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ।
আয়োজনের শুরুতেই ‘বিশ্বসাথে যুগে যুগে, যেইখানে তোমার নিবেদন’ রবীন্দ্রসংগীতের সুরে ছিল নৃত্যম নৃত্যগোষ্ঠীর নাচ। নৃত্যশিল্পী তামান্না রহমান নির্দেশিত এ পরিবেশনার পর শুরু হয় কবিকে নিয়ে আলোচনা।
সাংবাদিক সালেহ আহমেদ বলেন, ‘তিনি ছিলেন আমার অভিভাবকের মতো। অধ্যাপক কায়সার হক বলেন, শামসুর রাহমান বহুদিন ধরে সমকালীন বাংলা কবিতার শীর্ষস্থানে আছেন। স্বাধীন বাংলাদেশে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের মোহিত করেছেন।’
অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘শামসুর রাহমানের কবিতা বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। আমরা ব্যক্তিগত প্রয়োজনেও পড়ি এবং আবৃত্তি করি। তাঁকে হারিয়ে দেশের বড় ক্ষতি হয়েছে।’
সভাপতির বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘শামসুর রাহমান আমাদের কাব্য-রুচি নির্মাণ করেছেন, আধুনিক কাব্য ভাষা নির্মাণ করেছে। তাঁর প্রতিটি লেখায় এক একটি উক্তির মধ্য দিয়ে পূর্ববাংলার রূপবৈচিত্র্যের কথা স্পষ্ট হয়ে ওঠে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।
আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি করেন লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, শাহাদাৎ হোসেন ও মাহিদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী, সুজিত মোস্তফা, সুমা রানী রায়, রাজিয়া মুন্নী ও ঐশিকা নদী।