শামসুর রাহমানকে নিয়ে একক বক্তৃতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই নাগরিক কবির আজ ২৩ অক্টোবর ৮৬তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী সামনে রেখে এক দিন আগে গতকাল বুধবার বিকেলে ‘বাংলা একাডেমি’ একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে অনুষ্ঠিত এই একক বক্তৃতানুষ্ঠানে ‘শামসুর রাহমান: রূপ-রূপান্তরের কবি’ শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক শান্তনু কায়সার। সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক ছিলেন অনুষ্ঠানের সভাপতি। স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শামসুর রাহমানকে খণ্ডিতভাবে না দেখে তাঁর সমগ্রতার সন্ধান জরুরি বলে মন্তব্য করেন সৈয়দ শামসুল হক। তিনি বলেন, শামসুর রাহমানের রাজনৈতিক কবিতা যেমন উদ্দীপক হয়ে কাজ করে, তেমনি প্রেমের কবিতায়ও তিনি অনন্যসাধারণ। তাঁর রূপকল্প-চিত্রকল্প নির্মাণের অসাধারণত্ব বিশেষভাবে বিশ্লেষণের দাবি রাখে। তিনি বলেন, শামসুর রাহমান ত্রিশের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের কাব্য-ভাষা বিবর্তনের সাঁকো হিসেবে কাজ করে যাচ্ছেন।
শামসুজ্জামান খানের ভাষায়, কবি শামসুর রাহমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, বাংলা কবিতা নির্মাণকলার অন্যতম সিদ্ধপুরুষ। তার স্বাধীনতার কবিতামালা চিরকাল পাঠকের কাছে উজ্জীবনের উৎস হয়ে থাকবে। তিনি বলেন, ‘বাংলা একাডেমি শামসুর রাহমানের নামে সেমিনার হলের নামকরণ করেছে এবং সৌভাগ্যের বিষয়, এখানেই আমরা কবিকে স্মরণ করছি।’
অধ্যাপক শান্তনু কায়সার বলেন, শামসুর রাহমান রূপান্তরশীল কবি। তাঁর বিচিত্র মাত্রার সৃষ্টি ক্রমরূপান্তরেরই সার্থক সাক্ষ্য। একান্ত ব্যক্তি-অনুভবের স্তর থেকে তিনি ক্রমশ গোটা জাতির শিল্পভাষ্যকার হয়ে উঠেছেন। নিজস্ব বিষয়, ভাষা ও শৈলীর অন্বেষার পাশাপাশি এই ভূখণ্ডের মানুষের সংগ্রাম ও স্বপ্নশীল সত্তা তাঁর কবিতায় অনন্য রূপদক্ষতায় ফুটে উঠেছে।