
কবিতা, স্মৃতিচারণা ও গানে গানে স্মরণ করা হলো কবি শামসুর রাহমানকে। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে তাঁর কবিতা আবৃত্তি করেন তরুণ কবিরা। কবির দশম প্রয়াণবার্ষিকীতে এ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংযোগ।
এই স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে শামসুর রাহমানকে নিয়ে স্মৃতিচারণা করেন কবি নির্মলেন্দু গুাণ, কবি আসাদ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েম রানা, বেগম আখতার কামাল, চিত্রশিল্পী নাজমা আক্তার, সংগীতশিল্পী বাবু রহমান প্রমুখ।
কবি নির্মলেন্দু গুমণ বলেন, ‘প্রায় ত্রিশ বছর আগে কবি শামসুর রাহমান যখন অসুস্থ হয়ে মহাখালী হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন, তখন তাঁকে নিয়ে একটি কবিতা লিখে তাঁকে শুনিয়েছিলাম। কবিতাটি লেখার পর প্রায় ত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন।’ অনুষ্ঠানে তিনি ‘শামসুর রাহমানের জন্য এলিজি’ কবিতাটি আবৃত্তি করেন।
সেলিনা হোসেন বলেন, ‘যাঁরা অসাধারণ কাজ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাঁদের মৃত্যুদিবস বলে কিছু নেই। আমাদের কবিতার ধারাকে যাঁরা ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন, তাঁদের মধ্যে শামসুর রাহমান অন্যতম। রাজনীতির স্রোতোধারায় সংস্কৃতির যে প্রবহমানতা ছিল, কালের স্রোতে আজ তা কমে গেছে। তরুণেরাই পারে সেসব কীর্তিমানের কবিতার প্রবাহ আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে।’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বদরুল হায়দার, লিলি হক, মিলন সব্যসাচী প্রমুখ। গান করে গানের দল ‘চাষার পাল’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পথিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবির ভাগনে নাদিম রহমান।