
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি শামসুর রাহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হলো গতকাল ২৩ অক্টোবর।
এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জোটের নেতারা বনানী করবস্থানে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোর্তিময়’ গানটির সঙ্গে তামান্না রহমানের পরিচলনায় নৃত্যমের শিল্পীদের নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘অশুভের সাথে আপসবিহীন দ্বন্দ্ব চাই’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
আলোচনা পর্বে অংশ নেন কবি বেলাল চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রাবন্ধিক মফিদুল হক ও কবি হাবিবুল্লাহ সিরাজী। স্বাগত বক্তব্য দেন কবি মোহাম্মদ সামাদ।
আলোচনার পর কবিতা পাঠ করেন কবি কামাল চৌধুরী, রবিউল হুসাইন, কাজী রোজী ও আনিসুল হক। সংগীত পরিবেশন করেন শিল্পী সুজিত মোস্তফা, ইয়াকুব আলী খান ও আবিদা রহমান। কবিতা আবৃত্তি করেন কাজী আরিফ, লায়লা আফরোজ, ডালিয়া আহমেদ, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন আসলাম সানী। সাংস্কৃতিক সংগঠন শিল্পিত সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্মৃতির অবগাহনে কবি তুমি চিরঞ্জীব’ নামে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করে। কবি সংসদ বাংলাদেশ এ উপলক্ষে ২৫ অক্টোবর পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে কবিতা সন্ধ্যার আয়োজন করেছে।
এ ছাড়া গত মঙ্গলবার বাংলা একাডেমি এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বেঙ্গলে চলচ্চিত্র ফোরামে ১২৫টি চিত্রনাট্য জমা
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের নবীন চলচ্চিত্র নির্মাণ প্রকল্পে সর্বমোট ১২৫টি চিত্রনাট্য জমা পড়েছে। বাছাই কমিটির সদস্যরা চিত্রনাট্য নির্বাচনের কাজ শুরু করেছেন।
ফোরাম সূত্রে জানা গেছে, চিত্রনাট্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত নির্বাচনের কাজ এখন চলছে। নির্বাচিত চিত্রনাট্যগুলো থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেড বিনিয়োগ করবে।