শামীম জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে নিয়মিতই অভিনয় করেন শামীম জামান। খবরটা সবারই জানা। আরণ্যক নাট্যদলের চলতি প্রযোজনা রাঢ়াঙ, সংক্রান্তি, ময়ূর সিংহাসন নাটকে তাঁকে নিয়মিতই অভিনয় করতে দেখা গেছে। তবে পরের প্রযোজনা এবং বিদ্যাসাগর, শত্রুগণ নাটকে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি আরণ্যক নাট্যদল রবীন্দ্রনাথের একটি নাটক নিয়ে কাজ শুরু করেছে। সেখানেও নেই শামীম জামান। মঞ্চের ধারাবাহিকতায় হঠাৎই ছন্দপতন হয়েছে তাঁর। কেন? ‘এখন টেলিভিশনে একাধিক নাটকে কাজ করার কারণে মঞ্চে সময় দেওয়া হচ্ছে না। বলতে গেলে মাসের প্রায় ৩০ দিনই টেলিভিশনের কাজ করতে হচ্ছে। এত সব কাজ করার পর যদি মঞ্চে সময় দিতে চাই, তাহলে ঠিকমতো দেওয়া যাবে না। একধরনের অসততা হয়ে যাবে। তা ছাড়া একসঙ্গে দুই জায়গায় কাজ করা ঠিকও হবে না। এ কারণে দলের বেশ কয়েকটি নাটকে কাজ করা হয়নি,’ বললেন শামীম জামান। তবে তিনি বলেন, ‘বর্তমান দলের চলতি তিনটি প্রযোজনা ময়ূর সিংহাসন, সংক্রান্তি ও রাঢ়াঙ নাটকে নিয়মিতই অভিনয় করছি।’ ভবিষ্যতে মঞ্চে নিয়মিত অভিনয় প্রসঙ্গে তিনি বললেন, ‘যেহেতু এখন আমার পেশা টেলিভিশন নাটক। তাই সামনে মঞ্চে ঠিকমতো সময় দিতে পারব কি না, এই মুহূর্তে বলতে পারছি না। তবে মঞ্চ ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই।’নূনা আফরোজরবীন্দ্রনাথের রক্তকরবী, স্বদেশী নাটক দুটি ঢাকার মঞ্চে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু ঢাকাতেই নয়, দেশের বাইরেও নাটক দুটি দর্শকের প্রশংসা পেয়েছে। প্রাঙ্গণেমোর নাটকের দলের এই দুটি নাটকেরই নির্দেশক নূনা আফরোজ। আবারও রবীন্দ্রনাথের নাটক? ‘আমরা যখনই দল গঠন করেছি, তখন থেকেই বলে এসেছি, রবীন্দ্রনাথ নিয়েই আমরা কাজ করে যাব। আগে আমি দুটি করেছি। আবারও করছি,’ বলেন নূনা আফরোজ। এবার তিনি রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে কাজ করছেন। অনন্ত হিরার নাট্যরূপে নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ। তিনি বলছিলেন, ‘রক্তকরবীর মতো কালজয়ী নাটক নিয়ে আমি কাজ করেছি। দেশ-বিদেশে নাটকটির জন্য প্রচুর প্রশংসা পেয়েছি। রক্তকরবী নাটকটির পর কোনো নাটক নিয়ে কাজ করলে নিশ্চয় আরও ভালো হতে হবে। এই ধারণা মাথায় সব সময়ই কাজ করেছে। এ জন্য পরের প্রযোজনা যাতে রক্তকরবীকে ছাড়িয়ে যেতে পারে, সে ধরনের নাটক হিসেবে শেষের কবিতাকেই বেছে নিয়েছি। এ জন্য আমি দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে আসছিলাম। এবং শেষ পর্যন্ত শুরু করতে পেরেছি।’ কবে নাগাদ নাটকটি মঞ্চে উঠবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৬ আগস্ট কলকাতায় একটা নাট্যোৎসব হবে। সেখানে আমাদের আমন্ত্রণ আছে। সেই উৎসবেই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।’