শামীম জামানের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৯০ সালে নাট্যদল আরণ্যকে যোগদানের মধ্য দিয়ে মিডিয়াতে আমার যাত্রা শুরু হয়। আরণ্যকে কাজ করার সময় বিভিন্ন প্রযোজনায় তবলা ও নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করতাম। নাটকে এসব কাজ করতে গিয়ে একসময় নিজের একটা অ্যালবাম প্রকাশের কথা ভাবি।’ কথাগুলো বলছিলেন অভিনেতা শামীম জামান। অভিনেতা পরিচয়ের পাশাপাশি ইদানীং গায়ক হিসেবেও শামীম জামানের একটা পরিচিতি গড়ে উঠেছে। এরই মধ্যে তাঁর একটি মিশ্র অ্যালবাম বের হয়েছে। ‘পরান বন্ধুরে’ নামের এই অ্যালবামটিতে শামীম জামানের সঙ্গে আরও ছিলেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। এ ছাড়া দুটি নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকগুলো হচ্ছে ‘জামাই মেলা’ ও ‘হাড়কিপ্টে’।এবার বাজারে আসছে শামীম জামানের প্রথম একক অ্যালবাম। এখন পর্যন্ত অ্যালবামটির নাম ঠিক করা হয়নি। ফোক ঘরানার এই অ্যালবামে মোট গান থাকবে ১২টি। এরই মধ্যে পাঁচটি গানের সংগীতায়োজনের কাজ শেষ হয়েছে। বাকি সাতটি গানের কাজও খুব শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন শামীম জামান। এর পরই গানে কণ্ঠ দেওয়ার কাজ শেষ করা হবে বলে জানা গেছে। অ্যালবামটির সংগীতায়োজনের কাজ করছেন অমিত।শামীম জামান আরও বলেন, ‘আমি বাউল গানের একজন একনিষ্ঠ ভক্ত। তাই নামকরা বাউলশিল্পীদের গান দিয়েই অ্যালবামটি সাজানোর চিন্তাভাবনা করছি। বাউলদের মধ্যে থাকবেন—বিজয় সরকার, মাতাল সরকার, রমেশ শীল ও আবুল সরকার প্রমুখ।’ তিনি বলেন, ‘ইচ্ছে আছে আগামী পয়লা বৈশাখে যেকোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’