শামীম সুব্রানার 'জীবনের কথা' গ্যালারি টুয়েন্টিওয়ানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী শামীম সুব্রানা
শিল্পী শামীম সুব্রানা

‘আজ রাতে আমি লিখে দিতে পারি আশ্চর্য বেদনাময় পঙক্তিমালা/যেমন-রাত্রি তারায় ভরা/আর নীল তারার রাশি বহুদূরে কম্পমান/রাতের বাতাস খেলে যায় আকাশে আর সুর তোলে...’ পাবলো নেরুদার বিখ্যাত কবিতা অনুবাদ এটি। কবিতাটি নানা ভাষায় অনুবাদ হয়েছে, আবৃত্তিও হয়েছে। এবার ক্যানভাসে মূর্ত হলো কবিতাটি।

ধানমন্ডির ৭৫১ সাত মসজিদ রোডের তাজ লিলি ভবনের গ্যালারি টুয়ান্টিওয়ানে চলছে শিল্পী শামীম সুব্রানার এ কক প্রদর্শনীর প্রস্তুতি। শামীম সুব্রানা এ প্রদর্শনী কক্ষের অন্যতম উদ্যোক্তা। এত দিন নিজের প্রতিষ্ঠানে অন্যের প্রদর্শনী পরিচালনা করেছেন, এবার সেখানে হচ্ছে তাঁরই আকাঁ সাম্প্রতিক সময়ে আঁকা ছবিগুলোর প্রদর্শনী। এ প্রদর্শনীর বড় বিশেষত্ব হল, ছবি বিক্রির পুরোপুরি অর্থ সাবাব মুরশিদ উন্নয়ন ফাউন্ডেশনকে দেওয়া হবে শিশুদের সহায়তার জন্য।

প্রদর্শনীর শিরোনাম ‘জীবনের কথা’। আগামীকাল ৯ জানুয়ারি বিকেলে এ প্রদর্শনীটির উদ্বোধন করবেন চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, নিসার হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

লাল, হলুদ, কমলা বর্ণে ছবি এঁকে শিল্পী দর্শকদের জানিয়েছেন ‘অবশেষে বসন্ত’
লাল, হলুদ, কমলা বর্ণে ছবি এঁকে শিল্পী দর্শকদের জানিয়েছেন ‘অবশেষে বসন্ত’



গ্যালারিতে গিয়ে দেখা গেল কয়েকজন কর্মী দেয়ালে ছবি টাঙানো কাজ ব্যস্ত। ছিলেন শিল্পীও। ঘুরে দেখি কিছু ছবি।

প্রতিটি ছবিই আলাদা করে নজর কাড়ে, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। গ্যালারিতে ঢুকলে প্রথমেই বিচিত্র আলোর বিন্যাস চোখে পড়বে। আর এই আলোর বিন্যাসে রয়েছে নানান রঙিন গড়নের বুনন। রং আর রেখার মেলবন্ধনে শিল্পী তার মনের মানচিত্র ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। শিল্পী নিজেই প্রতিটি ছবির সঙ্গে নিজস্ব ভাবনা প্রকাশ করেছেন।

শিল্পী জানালেন, সাম্প্রতিক সময়ে আঁকা ৪০টি ছবি স্থান পাচ্ছে এ প্রদর্শনীতে। বেশির ভাগই ইতিমধ্যে জায়গা করে নিয়েছে প্রদর্শনী কক্ষের দেয়ালে। গভীরভাবে ছবিগুলো দেখে একটা প্রশ্ন মাথায় আসে। এ শিল্পীর হৃদয়ে কি ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় নানা কষ্টদায়ক ঘটনায় অবিরাম বেদনার স্রোত? সত্যিই তাই।

‘চত্বর’ শিরোনামের ছবিতে শিল্পী দেখেছেন রাস্তার মোড়ে পয়লা বৈশাখে উৎসবে মেতে ওঠা মানুষের আনন্দ।
‘চত্বর’ শিরোনামের ছবিতে শিল্পী দেখেছেন রাস্তার মোড়ে পয়লা বৈশাখে উৎসবে মেতে ওঠা মানুষের আনন্দ।

কথায় কথায় জানা গেল, পনেরো বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছেন। এখানেই শেষ নয়। একমাত্র ছেলের (সাবাব মুরশিদ) বয়স যখন পনেরো, তখন হঠাৎ করেই খেলতে খেলতে মারা গেল সে। কোন কারণ ছাড়াই হঠাৎ করে সুস্থ ছেলেটি কেন চলে গেল না ফেরার দেশে, এ প্রশ্নের জবাব এখনও খুঁজে ফেরেন শিল্পী। ব্যক্তিগত এসব বেদনার সঙ্গে শিল্পীর হৃদয়কে আরও বেদনাহত করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা।

এটি শিল্পীর প্রথম একক প্রদর্শনী। আর এ প্রদর্শনীর ছবিগুলোর মাঝে একাধিক সিরিজ ছবি থাকলেও বেশির ভাগ ছবির বিষয় কিংবা প্রকাশভঙ্গি আলাদা। তবে একটা দিকে মিল আছে ৪০টি ছবিতে, ক্যানভাসে টুকরো টুকরো বর্ণিল গড়নের প্রলেপে আর উজ্জ্বল-অনুজ্জ্বল বর্ণে। এটা শিল্পীর ছবিকে স্বকীয়তা দিয়েছে।

‘আজ রাতে আমি লিখে দিতে পারি আশ্চর্য বেদনাময় পঙক্তিমালা’
‘আজ রাতে আমি লিখে দিতে পারি আশ্চর্য বেদনাময় পঙক্তিমালা’



লাল, হলুদ, কমলা বর্ণে ছবি এঁকে শিল্পী দর্শকদের জানিয়েছে ‘অবশেষে বসন্ত’। ‘ঝড়ের পরে’ ছবিতে এই প্রকৃতিই বিষণ্ন হয়েছে ক্যানভাসে। উড্ডীন গড়নে বিমূর্ত ধারায় তিনি বাল্য বিয়ের কুফলও জানিয়েছেন। ‘চত্বর’ শিরোনামের ছবিতে শিল্পী দেখেছেন প্রকাশ্যে রাস্তার মোড়ে পয়লা বৈশাখে উৎসবে মেতে ওঠা মানুষের আনন্দ। আর এসবই আছে স্তরবিন্যস আর বর্ণের বুনটের টেক্সচারে।

গেল বছর মক্কা শরিফে ভিড়ের চাপে হাজিদের মৃত্যুর ঘটনা শান্তিপ্রিয় শিল্পীর মনে গভীর আলোড়ন তুলেছে। ‘স্মৃতিতে’ একটা কালো বর্গাকার গড়ন ছবির মাঝখানে ফুটিয়ে তুলেছেন এবং তার চারদিকে প্রার্থনারত মানুষদের পোশাকের সাদা রং লেপে দিয়ে মূর্ত করেছেন সেই দৃশ্য। শিল্পী জানান শুধু প্রদর্শনীর জন্যই ছবিটি, একমাত্র এটিই বিক্রির জন্য নয়। ‘রোড নম্বর ৩২’ শিরোনামের ছবিতে বিমূর্তরূপে চিত্রায়িত করেছেন বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি। এ সিরিজের একাধিক ছবি থাকছে প্রদর্শনীতে।

৯ জানুয়ারি শনিবার শুরু হয়ে প্রদর্শনীটি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। গ্যালারি খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।