শারজা উৎসবে 'গাড়িওয়ালা'

সরকারি অনুদানে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র গাড়িওয়ালা। এবার ছবিটি দেখানো হবে শারজা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। ১৯ থেকে ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হবে এই উৎসব। জানা গেছে, উৎসবে বিভিন্ন দেশের ১১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। এ ছাড়া থাকবে অ্যানিমেশন, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত বছর থেকে আয়োজন করা হচ্ছে এই উৎসব।
পরিচালক আশরাফ শিশির জানান, তাঁর গাড়িওয়ালা ছবিটি দুই ভাই এবং তাদের মায়ের গল্প নিয়ে। গ্রামের মাঠে আর নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবনসংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন, স্বপ্নভঙ্গ এবং জীবনের কষাঘাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প। প্রচণ্ড দারিদ্র্যের মাঝে কীভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল, সেই গল্পগাথা।
অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক প্রমুখ।