শারদোৎসব
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সকাল সাতটায় অনুষ্ঠিত হয় শারদোৎসব। শুরুতে ছিল শিল্পী উত্তম চক্রবর্তীর বাঁশি। সুর বিহার বিদ্যালয়ের শিশুশিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘শিউলি ফুল, শিউলি ফুল’। রবীন্দ্রসংগীত ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানে সঙ্গে নটরাজের শিশুশিল্পীরা এই সমবেত নৃত্য করে।
অনিমা রায় গেয়ে শোনান ‘দেখো দেখো শুকতারা’ গানটি। এরপর ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’—সমবেত কণ্ঠে গান করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। রবিঠাকুরের গীতাঞ্জলি থেকে পাঠ করেন লায়লা আফরোজ।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশ ফাইন আর্টস একাডেমি, স্পন্দনের সমবেত নৃত্য, ‘তোমরা যা বলো তাই বলো’ সংগীতে দলীয় নৃত্য পরিবেশন করেন স্বাধীনতা একাডেমীর শিক্ষার্থীরা। ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সবশেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, রবীন্দ্র গবেষক হায়াৎ মামুদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।