
বাবা হুমায়ূন সরকারের সঙ্গে বিভিন্ন জায়গায় বিচ্ছেদের গান গাইতে যেত মেয়েটি। বাবার পালা গান শেষ হলে মেয়ে হাতে নিত মাইক্রোফোন। দরাজ গলায় মেয়ে গান ধরার পর দর্শকেরা হাততালি তো দিতেনই, সম্ভবত চোখও ভিজে উঠত তাঁদের। কারণ বিচ্ছেদের গান গাইতে গিয়ে মেয়েটার চোখও যে ভিজত! কতটুকুই বা বয়স! সবে পা রেখেছে নবম শ্রেণির দরজায়। কিন্তু নবম শ্রেণি বললে যে মেয়েটির অবয়ব ভেসে উঠবে আপনার চোখে তার চেয়েও ছোট দেখায় শারমিনকে। অথচ এই ছোট্ট মেয়েটি জয় করেছে হাজারো দর্শকের হৃদয়। ছিনিয়ে নিয়েছে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫’ প্রতিযোগিতার সেরার মুকুট।
১০ লাখ টাকাসহ নানা পুরস্কার পেয়ে শারমিন বেশ ফুরফুরে মেজাজে আছে। চূড়ান্ত প্রতিযোগিতার এক দিন পর যখন সাক্ষাৎকার নিতে চ্যানেল আই ভবনে কথা হলো ওর সঙ্গে, দেখে কে বলবে সারা দেশের মানুষের হৃদয় জয় করেছে মেয়েটি? শুরু করল পেছনের গল্প। ‘আমার দাদা আবু সিদ্দিক সরকার গান করতেন। তারপর বাবা। তার কাছ থেকে আমি।’
মুখস্থ বাক্যের মতো বলল প্রজাপতির মতো উড়তে থাকা মেয়েটি।
প্রতিযোগিতায় যোগ দিয়ে তিন মাসের গ্রুমিং আর বিচারকদের মুখোমুখি হয়ে তোমার সেরা প্রাপ্তি কী?
এ প্রশ্নে মনে হলো মুখস্থ বিদ্যায় কাজ হচ্ছে না ঢাকার বাড্ডায় বেড়ে ওঠা মেয়েটির। সময় নিল কিছুক্ষণ। তারপর নিচের দিকে তাকিয়ে, লজ্জায় লাল হয়ে যা বলল তা গুছিয়ে এক জায়গায় করলে দাঁড়ায় এ রকম, ‘আমি রাহুল স্যারের (রাহুল আনন্দ) কাছে গ্রুমিং করেছি। তিনি আমার গান শুনে বলেছেন, ‘আমি পরের জন্মে তোর পেটে জন্মাইতে চাই রে মা।’ একইভাবে প্রতিযোগিতার বিচারক আইয়ুব বাচ্চু স্যার একবার বলেছেন, ‘তুই তো আমার মা, এইগুলান আমার সারা জীবন মনে থাকবে।’
এত অল্প বয়সে এমন অনেক বিখ্যাত জনের ‘মা’ বনে যাওয়া মেয়েটি মাথা তুলতে তুলতে নিজের মতো করে বলল, ‘জানেন, আমার বাবায় যখন আমার লাইগ্যা এই প্রতিযোগিতায় নাম লেখাইছে, তহুন আমারে কইছে, এইবার শেষ। এরপর আর কোনো প্রতিযোগিতায় তোমারে পাঠামু না। আমি বাবার কথা রাখতে পারছি। এইটা হইল সবচেয়ে বড় আনন্দ। আর মায়েও অনেক খুশি হইছে। হেই দিন (চূড়ান্ত প্রতিযোগিতার দিন) কানছে। আমিও কানছি।’
একটানা বলার পর বিরতি নেয় শারমিন। ততক্ষণে জানা গেল, এর আগে চ্যানেল আইয়ের ছোটদের গানের প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’-এ কয়েকবার নাম লিখিয়েছিল মেয়েটি। কোনোবারই চূড়ান্ত প্রতিযোগিতা অবধি যেতে পারেনি। এবার কোমর বেঁধেই নেমেছিল। সেটা যে পুরোপুরি সার্থক তা প্রমাণিত।
পুরস্কারের ১০ লাখ টাকা দিয়ে কী করবে? জানতে চাই শারমিনের কাছে। সে হাসে। বলে, ‘মায় জানে। তবে আমার ইচ্ছা ময়মনসিংহে আমার দাদারে একটা টিভি কিন্না দেওয়ার। দাদায় টিভির লাইগ্যা আমার অনুষ্ঠান দ্যাখতে পারে নাই।’
শারমিনের বাবা ছিলেন গাড়িচালক। একটা দুর্ঘটনায় আর গাড়ি চালাতে পারেন না। তাই বাবা-মেয়ে গান গেয়ে পাওয়া সন্মানীই পরিবারের আয়ের উৎস ছিল এত দিন। শারিমনের এমন প্রাপ্তিতে উৎসব লেগে গেছে পরিবারে। শারমিনের স্কুল থেকেও বন্ধুরা নাকি আসছে বাড়িতে। সবাই শারমিনকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন কত গল্প যে বলে গেল শারমিন।
শেষে জানতে চাই, কার সঙ্গে তোমার গান গাওয়ার ইচ্ছে আর হতে চাও কার মতো?
‘আমার খুব ইচ্ছা মনির খান স্যারের সঙ্গে গান গাওয়ার। আর হইতে চাই মমতাজ ম্যাডামের মতো। চলার পথ তো শুরু হইল মাত্র। দেহি।’
শারমিনের ‘দেহি’ যে কত দূর যাবে, তা সাক্ষাৎকার শেষে খালি গলায় ওর গাওয়া দু’লাইন গানই বলে দেয়।