শার্লক হোমস আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারদাঙ্গা অ্যাকশন, ন্যাকা ন্যাকা প্রেম, কাতুকুতু হাসি—বছরজুড়ে সবই হয়েছে। এবার বছরের শেষে বৃত্তটা পূরণ করতেই যেন হাজির খোদ শার্লক হোমস! বিশ্বের গোয়েন্দাদের কুলশিরোমণি হোমসের নতুন ছবি মুক্তি পেয়েছে গত সপ্তাহে। এবার পরিচালক গাই রিচি, ছবির নাম শার্লক হোমস: অ্যা গেম অব শ্যাডোস। ম্যাডোনার সাবেক স্বামী রিচি হয়তো ম্যাডোনাকে দেওয়া অনেক কথাই রাখতে পারেননি আট বছরের দাম্পত্য জীবনে। তবে ভক্তদের দেওয়া কথাটা ঠিকই রাখলেন। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ছবি শার্লক হোমস। মুখ্য চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন রবাট ডাউনি জুনিয়র। হোমসের সহকারী ড. ওয়াটসনের চরিত্রেও মাতিয়ে দিয়েছিলেন জুড ল। অ্যাভাটার-এর দাপটের পরও শার্লক হোমস বেশ পাল্লা দিয়ে গিয়েছিল বক্স অফিসে। তখনই রিচি কথা দিয়েছিলেন, ছবির সিক্যুয়েল আসবে শিগগিরই। সেটাই এল বড়দিনের আগাম উপহার হয়ে। এবারও কিন্তু বড় ছবির সঙ্গেই পাল্লা দিতে হবে শার্লক হোমসকে। কারণ একই সময় মুক্তি পেল মিশন ইম্পসিবল সিরিজের চতুর্থ ছবি গোস্ট প্রটোকল। এবারও কাহিনিতে থাকছে সাসপেন্সের ধাঁধা। থাকছে রোম শিউরে ওঠা রোমাঞ্চও। প্রথম ছবির মতো এই সিক্যুয়েলেও শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের কোনো গল্পের কাছে হাত পাতেননি পরিচালক। কেবল নেওয়া হয়েছে চরিত্রগুলো। থাকছে ২২১বি বেকার স্ট্রিটও। কাহিনির প্রয়োজনে এসেছে নতুন কিছু চরিত্র। তবে হোমস আর তাঁর মূল শত্রু প্রফেসর মরিয়ার্টি—এই দ্বৈরথ ধরে রাখা হয়েছে এই ছবিতেও। দুজনে যেন ‘কেহ কারে নাহি জিনে সমানে সমান’। প্রথম ছবিতে তাও জট পাকিয়ে ওঠা রহস্যের সুতো হোমস খুলতে পেরেছিলেন বিস্তর ঘাম ঝরিয়ে। এবার পারবেন? এবার নাকি রহস্যের সুডুকু মেলানো ভীষণ চ্যালেঞ্জ হয়ে আসছে তাঁর জন্য!ছবির স্বার্থেই গোয়েন্দা কাহিনিনির্ভর ছবির মূল গল্প খুব একটা প্রকাশ করা হয় না। এ নিয়ে চলে লুকোছাপা। তবে সেটা তো আর লুকিয়েও রাখা যায় না। হলিউডি সাংবাদিক মহলেও তো গণ্ডাখানেক ‘হোমস’ আছেন। তাঁরাই ফাঁস করেছেন ছবির গল্প। তাঁদের কাছ থেকেই খবর মিলেছে, এবার নাকি বুদ্ধির দৌড়ে হোমসকে ঘোল খাইয়ে ছাড়বেন মরিয়ার্টি!এবারও ছবির গল্প শুরু হবে একটা সন্দেহজনক মৃত্যু দিয়ে। সেই মৃত্যু আবার অস্ট্রিয়ার যুবরাজের! প্রাথমিক তদন্তে পুলিশ এই সিদ্ধান্তে আসবে, এটা আসলে আত্মহত্যা। কিন্তু হোমসের নাকে ঠিকই ধরা দেবে রহস্যের গন্ধ। একসময় হোমস বুঝতে পারবেন, এই হত্যার পেছনে আছে আসলে মরিয়ার্টিই, যাকে বলা হয় অপরাধ জগতের নেপোলিয়ন। আরও ভয়ংকর দুঃসংবাদ পাবেন হোমস। ইউরোপজুড়েই এমন বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটানোর ঘৃণ্য পরিকল্পনার নীল ছক কষেছে মরিয়ার্টি। শেষ পর্যন্ত আসলে হোমস, ওয়াটসন আর হোমসের ভাই মাইক্রফট—তিনজনে মিলে বের হবেন ইউরোপ অভিযানে। লক্ষ্য মরিয়ার্টির ঘৃণ্য চক্রান্ত মাটি করে দেওয়া। সেই অভিযানে হোমসের যে জয় হবে, তা তো অনুমান করে নেওয়াই যায়। প্রশ্ন হলো, মরিয়ার্টির সঙ্গে এবার হোমসের লড়াইটা কি হবে মুখোমুখি?প্রথম ছবির প্রায় পুরোটাজুড়েই ছিল মরিয়ার্টির অদৃশ্য উপস্থিতি। থেকেও ছিলেন না ভিলেনকুল শিরোমণি। প্রথম ছবিতে দেখাও যায়নি তাঁকে। তবে এটা পরিচালক বুঝিয়ে দিয়েছেন, আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন। তবে অ্যা গেম অব শ্যাডোস-এ দেখা মিলবে তাঁর। মরিয়ার্টি চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড হ্যারিস। প্রথম ছবির মতো এটাও নিশ্চিত সাফল্য পাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু প্রথম ছবি মুক্তির পর সমালোচকেরা যেসব প্রশ্ন তুলেছিল, এবারও সেগুলো উঠে আসছে। প্রথম কথা হলো, হোমসের চরিত্র চিত্রায়ন। রিচি স্পষ্ট করেই জানালেন, এই হোমস কোনান ডয়েলের আঁকা হোমস নয়। ওই হোমসের অনুপ্রেরণায় তৈরি।’ প্রথম ছবিটা যদি দেখে না থাকেন, বড় বিনোদন থেকে বঞ্চিত হয়েছেন। পারলে এখনই দেখে ফেলুন। সিরিজের দ্বিতীয় ছবিটা তো মাত্রই মুক্তি পেল, বাংলাদেশের দর্শকদের দেখার সুযোগও নিশ্চয়ই আসবে শিগগিরই। রাজীব হাসানএলএ টাইমস অবলম্বনে