শার্লিজের শৈশবের বাড়িতে আবারও হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী শার্লিজ থেরনের মদ্যপ বাবাকে গুলি করে হত্যা করেছিলেন তাঁর মা। তখন শার্লিজের বয়স ছিল মাত্র ১৫ বছর। যে বাড়িতে তাঁর বাবাকে হত্যা করা হয়েছিল, সম্প্রতি সেই বাড়িটিতে আরেকটি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।শৈশবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাড়িতে মা-বাবার সঙ্গে থাকতেন শার্লিজ। সেই বাড়িটিতেই ১৯৯১ সালে শার্লিজের মা গার্দা ম্যারিটজ আত্মরক্ষার্থে তাঁর স্বামী চার্লস থেরনকে হত্যা করেছিলেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে রাডার অনলাইন। হত্যার কারণ সম্পর্কে গার্দা জানিয়েছিলেন, ‘গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে এসে মূল ফটকের সামনে গোলাগুলি শুরু করেছিল চার্লস। একপর্যায়ে সে আমার মেয়ে শার্লিজের শোয়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় এবং চিত্কার করে বলতে থাকে, “আজ রাতে এই শটগান দিয়ে তোদের দুজনকেই খুন করে ফেলব।” তখন বাধ্য হয়েই চার্লসকে হত্যার মতো কঠিন কাজটি করতে হয়েছিল।’২১ বছর পর সেই একই বাড়িতে আবারও খুনের ঘটনা ঘটল। বাড়িটির মালিক ব্যারি নিউল্যান্ডকে সম্প্রতি লোমহর্ষকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট নমসা সেকেল জানান, ‘গাড়ির ব্যবসা করতেন ব্যারি নিউল্যান্ড। বাড়িতে বসেই এই ব্যবসা চালাতেন তিনি। গাড়ি কেনার কথা বলে পাঁচজন ডাকাত বাড়িটিতে ঢুকে নৃশংসভাবে হত্যা করেছে নিউল্যান্ডকে। সোনার চেন, আইপড, ল্যাপটপ, মুঠোফোন, দুটি ক্যামেরাসহ আরও অনেক মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ডাকাতেরা।’