২৭ নভেম্বর ঢাকায় আবারও শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত উৎসব। প্রতিবারের মতো এবারও শাস্ত্রীয় সংগীতের স্বনামধন্য পণ্ডিত শিল্পীরা গাইবেন এবং বাজাবেন বনানীর আর্মি স্টেডিয়ামে। বিনা মূল্যে বাধ্যতামূলক নিবন্ধনের মাধ্যমে এই উৎসবে যোগ দিতে পারবেন যে কেউ। নিবন্ধন করা যাবে ওয়েবসাইট কিংবা খুদে বার্তার মাধ্যমে।
বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইট www.benglafoundation.org-এ প্রবেশ করে একটি ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সফলভাবে ফরমটি পূরণের পর উৎসবের একটি ই-টিকিট নিবন্ধনকারীর ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে। উৎসবের প্রবেশপথে এটির প্রিন্ট অনুলিপি দেখাতে হবে। খুদে বার্তার মাধ্যমে নিবন্ধনের জন্য মোবাইলের মেসেজ অপশনে ইংরেজিতে লিখতে হবে Bengal এবং পাঠিয়ে দিতে হবে ৬৯৬৯ নম্বরে। খুদে বার্তার জন্য মোবাইল সেবাদাতার সাধারণ চার্জ কাটলেও নিবন্ধন একেবারেই বিনা মূল্যের। এ ছাড়া ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের লক্ষ্ণৌতে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সশরীরে সরাসরি নিবন্ধন করা যাবে। উৎসবস্থলের ধারণক্ষমতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন-প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। এবার উৎসবের প্রবেশমুখে কোনো নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়নি।
চতুর্থবারের মতো আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এই শাস্ত্রীয় সংগীত উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে।

আইসিসিআরে উচ্চাঙ্গসংগীত
ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইসিসিআর) গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো হিন্দুস্তানি উচ্চাঙ্গসংগীতের পরিবেশনা। দিল্লির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের শিক্ষক সন্তোষ কুমার মিশ্রর নেতৃত্বে এতে কণ্ঠসংগীতে অংশ নেন রাজিয়া মুন্নি, অনিন্দিতা রায়, শ্যামলী দাস। শেষে সন্তোষ কুমার বেশ কিছু গজল পরিবেশন করেন।
সংযোগ-এ সংযুক্তি আজ ও কাল
গণ-অর্থায়নের চলচ্চিত্র সংযোগ-এ আজ থেকে সংযুক্ত হতে পারবেন যে-কেউ। আজ ৬ নভেম্বর ও আগামীকাল ৭ নভেম্বর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ আড্ডা ও মতবিনিময়।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র, সংগীত ও নাট্যাঙ্গনের শিল্পী-কলাকুশলীরা এতে অংশ নেবেন। ছবি নির্মাণের জন্য নগদ অর্থ ও পরামর্শ সহায়তা নিতে সেখানে উপস্থিত থাকবেন সংযোগ ছবির পরিচালক আবু সাইয়ীদ। দর্শক, পৃষ্ঠপোষক, সহযোগী প্রযোজক হিসেবে যে-কেউ অনুদান দিয়ে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। অনুদানদাতার নাম, ঠিকানা, ফোন নম্বর ও অনুদানের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
ছবি সম্পর্কে জানা যাবে ফেসবুক পাতা fb/amaderchobi.bd থেকে। বিস্তারিত জানা যাবে ০১৫৫৯০২৪১১২ নম্বরে।
আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ সংগীত সপ্তাহ’
আয়োজনটির নাম ‘বাংলাদেশ সংগীত সপ্তাহ ২০১৫’ হলেও মূল অনুষ্ঠান হবে দুই দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীতশালা মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হবে এই উৎসব। আয়োজনে থাকছে সংগীত সম্মেলন ও কর্মশালা। নরওয়ে-বাংলাদেশ সংগীত সহযোগিতা প্রকল্পের অধীনে রিক্স্কন্সার্টিনে এবং নরওয়ে দূতাবাসের সহায়তায় উৎসব আয়োজন করেছে লাইভস্কয়্যার।
আজ বিকেল চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেবে শিরোনামহীন, চিরকুট, লালন, মিনার, পাওয়ারসার্জ, দ্য ব্রাদারহুড প্রজেক্ট, আরশিনগর, ত্রিরত্ন এবং শ্রীলঙ্কার শিল্পীদল শক্তি। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিআইটিএ) অনুষ্ঠানে বিরল কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করে সংগীত পরিবেশন করবে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
ছায়ানটে রজনীকান্ত
রজনীকান্ত সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানট আয়োজন করেছে এক অনুষ্ঠানের। একক ও দলীয় সংগীত, পাঠ, আবৃত্তি ও বক্তৃতা দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।