শাস্ত্রীয় নাচে কল্পতরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িবশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর িশল্পীরা
িবশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর িশল্পীরা

শেখার জন্য দূরদেশে যেতে খানিকটা প্রস্তুতির দরকার হয়। সেটা যদি হয় নাচের মতো পরিশ্রম ও ধৈর্যশিল্পের ক্ষেত্রে, তাহলে তো কথাই নেই। বাংলাদেশের নৃত্যশিল্পী ও শিক্ষার্থীদের এত দিন ‘যার পর নাই’ কষ্ট করতে হয়েছে। এখন থেকে তাঁদের কষ্ট হয়তো খানিকটা কমবে। শাস্ত্রীয় নৃত্যে উচ্চশিক্ষা নিতে যাওয়ার আগে বাংলাদেশ থেকেই ভরতনাট্যমে নেওয়া যাবে ডিপ্লোমা ডিগ্রি। নৃত্য প্রশিক্ষণকেন্দ্র ‘কল্পতরু’ সম্প্রতি প্রথমবারের মতো তার শিক্ষার্থীদের এই ডিগ্রি দিয়েছে।

২০০৮ সালে ভরতনাট্যম শেখাতে শুরু করে কল্পতরু। ব্যবহারিক নাচের পাশাপাশি একঝাঁক শিক্ষার্থী শাস্ত্রীয় এই নাচ নিয়ে তত্ত্বীয় পড়াশোনাও করেছেন। কেউ করেছেন মূল পড়ালেখা হিসেবে, কেউ স্কুল-কলেজের পড়ার ফাঁকে। শিক্ষক ও পরিচালক অমিত চৌধুরীর কাছে শেখার পাশাপাশি তাঁর সঙ্গে বিভিন্ন মঞ্চে একের পর এক পরিবেশন করেছেন তাঁরা। বিভিন্ন সময়ে দেশ-বিদেশে প্রশংসিতও হয়েছেন। এই শিক্ষার্থীদের একজন জুয়েইরিয়াহ মৌলি। ডিপ্লোমা শেষে উচ্চশিক্ষার বৃত্তি নিতে যাচ্ছেন বেঙ্গালুরুতে। দীর্ঘদিন চর্চার পর স্বীকৃতি পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘আমাদের শেখা শুধু ব্যবহারিক নাচেই সীমাবদ্ধ ছিল না। সিলেবাসের আওতায় পড়াশোনা করে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। ভারত থেকে শিক্ষকেরা এসে নিয়মিত পরীক্ষা নিয়েছেন। এত বছরের সাধনার ফল পেলাম গত ২৪ জুন।’

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন এই দলের আরও এক শিক্ষার্থী আনিস্তা খান। শাস্ত্রীয় নৃত্য আরও অনেকটা শিখতে হবে বলে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ভর্তি হতে চান একজন গুরুর কাছে। জানালেন, পড়ালেখার পাশাপাশি তিনি যুক্ত হবেন ভরতনাট্যমের একটি দলের সঙ্গে। এতে পড়া ও চর্চা দুটিই ভালোভাবে চালানো যাবে বলে তাঁর বিশ্বাস।

পড়ানো, প্রশিক্ষণ ও পরীক্ষার জন্য কল্পতরুর সঙ্গে কাজ করছে ভারতের ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশন। সনদ দেওয়ার দিনে প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব আদিত্য মিত্রের কণ্ঠে শোনা গেছে আশাবাদের বাণী। পরিপাটি ও পেশাদার প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কল্পতরুর প্রশংসা করেছেন তিনি। এখান থেকে ডিগ্রি পাওয়া অন্য শিক্ষার্থীরা হলেন শুদ্ধা শ্রীময়ী দাস, পারিসা ওমর, আভিয়া খান, শাম্মী আক্তার ও তাহসিন সাবা।

সনদ তুলে দেওয়ার সেই সন্ধ্যাটি ছিল কল্পতরু এবং তরুণ নৃত্যশিল্পীদের জন্য বিশেষ একটি দিন। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সেদিন ভরতনাট্যম পরিবেশন করেছেন তাঁরা। আদিত্য মিত্র ছাড়াও ছিলেন ভারতের অন্যতম ভরতনাট্যম বিশেষজ্ঞ শিল্পী অনিতা মল্লিক, নৃত্যগুরু রাজদীপ ব্যানার্জি, বাংলাদেশের রবীন্দ্রগবেষক শীলা মল্লিক, কল্পতরুর অধ্যক্ষ লুবনা মারিয়াম, খ্যাতিমান তবলাশিল্পী তন্ময় বোস প্রমুখ। সাধনার শিল্পীরা সেই অনুষ্ঠানে মণিপুরি ও কত্থক নৃত্য পরিবেশন করেন।

কল্পতরুর এই কোর্স প্রসঙ্গে অমিত চৌধুরী বললেন, ‘নাচ শেখার তো শেষ নেই। উচ্চতর ডিগ্রি নিতে এখানকার শেখাটা কাজে লাগবে তাঁদের। তা ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিয়ত আমিও শিখেছি, শিখছি।’ কল্পতরুর অধ্যক্ষ লুবনা মারিয়াম বলেছেন, ‘নয় বছর অনেক পরিশ্রম করেছে আমাদের এই শিক্ষার্থীরা। শুধু তা-ই নয়, ভারতসহ বিভিন্ন দেশের নৃত্যপ্রেমীরা তাঁদের পরিবেশনায় মুগ্ধ হয়েছে।’

ভরতনাট্যমেই শেষ নয়। সিলেটে কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের সঙ্গে যৌথভাবে মণিপুরি নাচ শেখাচ্ছে কল্পতরু। ‘ধ্রুমেল’ নামে এই প্রশিক্ষণ প্রকল্পের দায়িত্বে আছেন সুইটি দাস চৌধুরী। এ ছাড়া চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ফুলকির সঙ্গে যৌথভাবে কল্পতরু শেখাচ্ছে কত্থক নাচ। তিন মাস পর পর কল্পতরুতে কত্থক শেখাতে আসছেন ভারতের পণ্ডিত কৃষ্ণ মোহন মিশ্র। নাচের তালে তালে বাদ্য প্রশিক্ষণটা শুরু করা বাকি ছিল তাদের। সামনের মাস থেকে তবলা, মৃদঙ্গ ও পাখোয়াজ প্রশিক্ষণ দেবেন ভারতের বিখ্যাত তবলাশিল্পী তন্ময় বোস।