ছায়ানট আয়োজন করেছে দুই দিনের নৃত্য উৎসব। ছায়ানট মিলনায়তনে উৎসব উদ্বোধন হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। নৃত্য উৎসব নিয়ে কথা হলো ছায়ানটের মণিপুরি নাচ বিভাগের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছায়ানটের এ উৎসব খুব পুরোনো নয়।হ্যাঁ, মাত্র তিন বছর হলো। ছায়ানট তো নানা ধরনের উৎসবের আয়োজন করছে—রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লোকগানের উৎসব, শরৎ উৎসব, শাস্ত্রীয় সংগীতের উৎসব। তারই অংশ হিসেবে নৃত্য উৎসবেরও আয়োজন করছে। আমাদের প্রথম উৎসবটি ছিল রবীন্দ্র-নৃত্য উৎসব। গত বছর ছিল শাস্ত্রীয় নৃত্য উৎসব। এবারও শাস্ত্রীয় নাচ নিয়েই উৎসব করছি। আমাদের এই উৎসব সবার জন্য উন্মুক্ত।শাস্ত্রীয় নাচের ব্যাপারে আগ্রহী হলেন কেন?বাংলা শিখতে গেলে যেমন অ আ ক খ শিখতে হয়, ইংরেজির জন্য এ বি সি ডি শিখতে হয়, গানের জন্য সা রে গা মা শিখতে হয়; তেমনি নাচের শিকড় হলো শাস্ত্রীয় নাচ। আমরা চাইছি, সবাই শিকড়ে ফিরে যাক। প্রত্যেক নৃত্যশিল্পীকে শাস্ত্রীয় নাচ শিখতে হবে। এই উৎসবের মধ্য দিয়ে শাস্ত্রীয় নাচের সঙ্গে সবাইকে পরিচিত করাতে চাইছি। পাশাপাশি যাঁরা এই নাচ নিয়ে চর্চা করছেন এবং এই নাচের দর্শক, তাঁদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে।উৎসবে কী ধরনের নাচ থাকছে?মণিপুরি, ভরতনাট্যম, ওড়িশি, কত্থক তো থাকছেই; পাশাপাশি এবার যুক্ত হচ্ছে মোহিনী আট্টম ও গৌড়ীয় নাচ। পুরোনোদের পাশাপাশি নতুন শিল্পীদেরও যুক্ত করা হয়েছে।এ ধরনের নাচের ওপর ইদানীং নানা কর্মশালার আয়োজন করা হচ্ছে।দেখুন, কর্মশালা করে শাস্ত্রীয় নাচ রপ্ত করা যায় না। এর জন্য প্রয়োজন দীর্ঘ অনুশীলন। এক-দুই সপ্তাহ কর্মশালা করে একটি নাচে দক্ষ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই উৎসব কী ভূমিকা রাখবে?নতুনদের ভালো ও শুদ্ধ নাচ শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি শাস্ত্রীয় নাচের দর্শক তৈরি করবে। বিনোদন প্রতিবেদক