শাস্ত্রীয় সংগীতে বসবাস মেরিনার

বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতশিল্পী মেরিনা আহমেদ। থাকেন ভারতের মুম্বাই ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মিলিয়ে। বাংলাদেশে তাঁর ইস্কাটনের বাসার বসার ঘরে গত সোমবার দুপুরে কোনো তানপুরা দেখা গেল না। তবলা আর হারমোনিয়াম ছিল। শিল্পী বললেন, ‘তানপুরা বাজিয়ে গান করি বটে, কিন্তু সেটা তো আইফোনে। আইফোনে তানপুরার অ্যাপসটা খুব ভালো। ওটা দিয়েই ভালো কাজ চলে।’
রোববার সন্ধ্যায় গুলশানে একটি বাসার ছাদে তাঁকে ঘিরে একটি সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছিল। তাতে শাস্ত্রীয় আর সুফিগান শোনান প্রবাসী বাঙালি শিল্পী মেরিনা আহমেদ। গান শুনতে আসা শ্রোতাদের প্রশংসা করে মেরিনা বললেন, বাংলাদেশের মতো এমন সমঝদার শ্রোতা পাওয়া যায় না। এ মাসেই ঢাকায় আবার গাইবেন তিনি।
মেরিনার জন্ম বাংলাদেশে। উচ্চমাধ্যমিক পাস করার আগেই সংগীতশিক্ষার জন্য ভারতে যান। পণ্ডিত যশরাজের কাছে দীর্ঘদিন তালিম নেন তিনি। সংগীত-গুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে মেরিনা বললেন, ‘গুরুগৃহে গিয়ে কিছুদিন না থাকলে সংগীতশিক্ষা পরিপূর্ণ হয় না। এই শিক্ষার সঙ্গে জীবনযাপনের যোগাযোগ রয়েছে। গুরু কীভাবে হাঁটছেন, কীভাবে খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন আর জাগছেন—এসব দেখে দেখে এর সবই শিখতে হয়। তাঁকে খুব কাছ থেকে দেখে শেখার সৌভাগ্য হয়েছিল আমার।’
ওস্তাদ ফুল মোহাম্মদ, পণ্ডিত বারীণ মজুমদারের কাছে সংগীতশিক্ষা নিয়েছেন তিনি। গান শিখেছেন আলতাফ মাহমুদ একাডেমি আর নজরুল একাডেমিতেও। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে মেরিনাকে পাড়ি জমাতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। সতীর্থ ও পরিচিতজনেরা প্রায় নিশ্চিত ছিলেন—সংগীতচর্চাটা আর হচ্ছে না মেরিনার।
মেরিনা কিন্তু সংগীত ছাড়েননি। সংগীতও তাঁকে ছেড়ে যায়নি। শাস্ত্রীয় সংগীতকে তিনি ধ্যানের সমান গুরুত্ব দিয়েছেন। সংগীতের প্রতি গভীর প্রেম ও শ্রদ্ধার কারণে নানা ঘরানার সংগীত শিখেছেন। সংগীতচর্চার পাশাপাশি প্রবাসজীবনে সংসার সামলানো ও সন্তানদের গড়ে তোলার কাজটি চালিয়ে গেছেন। পাশাপাশি তালিম দিয়েছেন বিদেশি শিক্ষার্থীদের।
প্রবাসের সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে দিনের পর দিন হেঁটে, পাবলিক বাসে চড়ে শিক্ষার্থীদের শেখাতে গিয়েছি। দৌড়াদৌড়ি করতে হয়েছে মুম্বাই থেকে নিউইয়র্ক, সেখান থেকে লন্ডন। মা ছিলেন বাংলাদেশে, তাঁকে দেখতে নিয়মিত এখানেও এসেছি।’
শাস্ত্রীয় সংগীতে ডুব দিলেন কেন, জানতে চাইলে বলেন, ‘বাবা (ফকির শাহাবুদ্দিন আহমেদ) গান ভালোবাসতেন। আমরা সব ভাইবোন গান শিখেছি, গেয়েছি। বাসায় সব সময় রবীন্দ্রসংগীত আর নজরুলসংগীত শোনা হতো। বাসায় কোনো আসর হলে আমরা গান করতাম। আমাদের অনেক বড় পরিবার ছিল বলে যেকোনো পারিবারিক আয়োজন রূপ নিত উৎসবে।’
এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। সবগুলোই ভারত থেকে। তাঁর সঙ্গে আলাপনের একফাঁকে দরজায় উঁকি দিলেন ধীরেন রায়চূড়া। মেরিনার গানের দুটো অ্যালবামের সংগীতায়োজন করেছেন ভারতীয় এই শব্দপ্রকৌশলী। এখন তিনি শাস্ত্রীয় সংগীতের সঙ্গে জ্যাজ সংগীতের মিশেলে মেরিনার একটি অ্যালবামের কাজ করছেন।
বাংলাদেশে এত বড় একটি শাস্ত্রীয় সংগীত উৎসব হয়, তাতে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মেরিনা বলেন, ‘আমন্ত্রণ পেলে অবশ্যই গাইব। নিজের দেশ বলে কথা!’
কিন্তু মেরিনাকে আমরা জানি না কেন? মৃদু হেসে তিনি বলেন, ‘সে তো আমিও জানি না।’