কথোপকথন: বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। যৌথভাবে আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও সংগীত রিসার্চ একাডেমি। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। চার দিনের এই উৎসবের দ্বিতীয় দিনে আজ থাকছে ১১ জন বিশিষ্ট শিল্পীর পরিবেশনা। আজ সরোদ বাজাবেন রাজরূপা চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে
শাস্ত্রীয় সংগীতের জন্য ইতিবাচক ঘটনা
বাংলাদেশে সরোদিয়ার সংখ্যা একেবারেই কম। তাঁদের মধ্য থেকে উৎসবে আজ আপনি সরোদ বাজাবেন। কেমন লাগছে?দারুণ লাগছে। আমি কলকাতার মেয়ে। স্থপতি কাশেফ চৌধুরীর সঙ্গে বিয়ের পর বাংলাদেশেই আছি। এ ধরনের বড় উৎসবের সঙ্গে আমি খুব পরিচিত। সেই ছোটবেলা থেকেই কলকাতায় অনেক দেখেছি। যাঁরা এবার ঢাকায় এসেছেন, তাঁদের অনেকেই আমার খুব পরিচিত। ঢাকায় শাস্ত্রীয় সংগীত নিয়ে এ ধরনের বড় আকারের উৎসব এবারই প্রথম হচ্ছে। আমি বলব, শাস্ত্রীয় সংগীতের জন্য এটা একটা ইতিবাচক ঘটনা।আজকের জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন?আমাকে আধঘণ্টা সময় দেওয়া হবে। সন্ধ্যার পর। তাই সময়টা জানার পর রাগ নির্বাচন করব। রাগেশ্রী, ঝিনঝোটি, বেহাগ, মালকোষ—এর মধ্য থেকেই কোনো একটা রাগ বাজাব।শাস্ত্রীয় সংগীতের এ ধরনের উৎসব আমাদের জন্য কতটা জরুরি?খুবই জরুরি। এ ধরনের উৎসব যত বেশি হবে, শাস্ত্রীয় সংগীতের জন্য ততটাই ভালো। সবচেয়ে বড় কথা হলো, শাস্ত্রীয় সংগীত শোনার জন্য শুরুতে কান তৈরি করতে হবে। শুনতে শুনতে একসময় সবাই তা বুঝতে পারবেন। মা-বাবাও তাঁদের সন্তানদের শাস্ত্রীয় সংগীত শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। আসলে শাস্ত্রীয় সংগীত নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে সবাইকে জোর দিতে হবে।আপনার সরোদ শেখার শুরুটা কবে থেকে?সেই ছোটবেলা থেকে। তখন মোহাম্মদ আমির খান স্কুল অব ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ছাত্রী ছিলাম। এখানে আমার গুরু ছিলেন প্রণব নাহা। এরপর সিদ্ধার্থ রায় চৌধুরীর কাছে শিখেছি ২১ বছর। এখন শিখছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রুমেন্টাল মিউজিক বিভাগের প্রধান অধ্যাপক সঞ্জয় ব্যানার্জির কাছে। তাই আমাকে মাঝেমধ্যেই কলকাতায় যেতে হয়।