‘আবদুল করিম ভাবছে এবার/ কনডেম গাড়ি কী করিব আর/ সামনে বিষম অন্ধকার/ করতেছি তাই ভাবনা।’ বাউলসাধক শাহ আবদুল করিম তাঁর এই গানের মতোই চলে গেছেন বিষম অন্ধকারের দেশে। তিনি নেই, কিন্তু রয়ে গেছে তাঁর কালজয়ী গান। সেই গান গেয়েই গতকাল বুধবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণ করা হয়েছে এই সাধককে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ গানে গানে শ্রদ্ধা নিবেদন করেছে শাহ আবদুল করিমের স্মৃতির প্রতি। বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শিল্পীরা পরিবেশন করেন শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো। বিকেলে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদীচী ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্যসচিব উয্মা তাজ্বরিয়ান। আলোচনা পর্বে বক্তব্য দেন অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, প্রবীর সরদার ও সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবাল হক খান।বক্তারা বলেন, আজীবন অসাম্প্রদায়িকতা ও সাম্যবাদের গান গাওয়া আবদুল করিমের আদর্শকে সঠিকভাবে উপলব্ধি ও অনুসরণ করতে পারলে একটি বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ সাম্যবাদী বাংলাদেশ গড়া সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবেরী গায়েন।আলোচনার পর শুরু হয় সংগীত পর্ব। শুরুতে সমবেত কণ্ঠে ‘বসন্ত বাতাসে সই গো’ গানটি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এর পর ছিল বেশ কিছু একক ও দলীয় সংগীত। পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল: ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নাও’, ‘মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’, ‘জিজ্ঞেস করি তোমার কাছে বলো ওগো সাঁই’। সিলেটে শাহ স্মরণ: সিলেট ও দিরাই প্রতিনিধি জানান, ফুলে ফুলে ছেয়ে গেছে সাধক শাহ আবদুল করিমের সমাধি। গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অসংখ্য ভক্ত-অনুসারী তাঁর গ্রাম উজানধলে এসে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পারিবারিক উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে বিকেল চারটায় বাউল-তনয় শাহ নূরজালালের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান সুফি মিয়া। সভায় বক্তারা বাউলসম্রাটের স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য দিরাই উপজেলার প্রবেশমুখে করিম-তোরণ নির্মাণের পাশাপাশি ধল-দিরাই সড়ক এবং ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শাহ আবদুল করিমের নামে নামকরণের দাবি জানান। পরে বাউলগানের আসরে সংগীত পরিবেশন করেন বাউল আবদুর রহমান, বশিরউদ্দিন সরকার, আবদুল কাইয়ূম শাহ, প্রাণকৃষ্ণ, দুখু মিয়া, সিরাজ মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে ‘রঙের দুনিয়া তোরে চাই না’ শীর্ষক স্মরণসভা শুরু হয়। কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তুষার কর, অম্বরীষ দত্ত, মিহির কান্তি চৌধুরী, মোস্তাক আহমাদ দীন ও সুমনকুমার দাশ।আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী লাভলী দেব, শামীম আহমদ, লিংকন দাস প্রমুখ। গানের আগে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় শাহ আবদুল করিমের গান নিয়ে গীতি নৃত্যনাট্য পরিবেশিত হয়।