শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন
লেটার প্রেসের অক্ষরে ছাপা বই গণসংগীত। দেখতে খাপছাড়া লাগলেও তাতে রয়েছে নিজের হাতের পরশ। লেখা, ‘প্রিয় শুভেন্দু ইমামকে...’। পরে শাহ আবদুল করিম নামটি গোটা গোটা অক্ষরে লেখা।যে কলম দিয়ে বইয়ে বাউলসম্রাট লিখেছিলেন, সেই কলমটিও আছে। এর পাশে আছে চশমা, ঘড়ি। গ্রামের যেকোনো বাউল আসরে গণসংগীতে ঝড় তুলতে যে একতারা হাতে থাকত সব সময়, সেটিও রয়েছে একই সারিতে।এভাবে থরে থরে সাজানো নিত্যব্যবহার্য জিনিসপত্র আর তাঁকে নিয়ে প্রকাশনা, সংবর্ধনা ক্রেস্ট ও আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে ‘শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন’।বাউলসম্রাটের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে এ আয়োজনে দর্শনার্থীরা যেন বাউলসম্রাটের সান্নিধ্যে ছিলেন কিছুক্ষণ।জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন আবদুল হান্নান, নাজিয়া চৌধুরী, তুষার কর, অম্বরিশ দত্ত, মোস্তাক আহমাদ দীন, সেলিমা রহমান এবং শিল্পকলা একাডেমীর চারুকলার শিক্ষক সুভাষ চন্দ্র নাথ। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তিন দিনের এই প্রদর্শনী।সম্মাননা: বাউলসম্রাট শাহ আবদুল করিম-চর্চায় নিবেদিত ১০ জনকে বিশেষ সম্মাননা দিচ্ছে শাহ আবদুল করিম পরিষদ। গতকাল সোমবার বাউলসম্রাটের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা হস্তান্তর করা হয়।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন: শাহ আবদুল করিমের ভাবশিষ্য বাউল তকবুল শাহ (মরণোত্তর), সুনন্দ সাধু (মরণোত্তর), আবদুর রউফ শাহ (মরণোত্তর), রুহী ঠাকুর (মরণোত্তর), আবদুর রহমান, বশিরউদ্দিন সরকার, রণেশ ঠাকুর, শাহ আবদুল আজিজ, নুরুন্নেছা এবং বাউলসম্রাটের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণাধর্মী প্রকাশনার জন্য সুমন কুমার দাশ।সম্মাননা অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইয়ামীন চৌধুরী প্রধান অতিথি ও দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশেষ অতিথির বক্তব্য দেন। বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষে বাউল গানের আসরে বাউলসম্রাটের ভক্তরা গান পরিবেশন করেন।প্রসঙ্গত, বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সকালে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকি ৎ সাধীন অবস্থায় মারা যান।