শাহ আবদুল করিমকে নিয়ে ‘কেমনে চিনিব তোমারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আবদুল করিমকে নিয়ে তৈরি হলো তথ্যচিত্র কেমনে চিনিব তোমারে। ৪০ মিনিটের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে। এই তথ্যচিত্রে শাহ আবদুল করিম নিজের বর্ণাঢ্য জীবনের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন প্রগতিশীল আন্দোলন-সংগ্রাম, ধর্মীয় উগ্র মৌলবাদের উত্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন। আছে তাঁর বহুল প্রচলিত ১০টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাহ আবদুল করিমের ভাবশিষ্য আবদুর রহমান, রণেশ ঠাকুর, বশিরউদ্দিন সরকার ও সূর্যলাল। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মনোজ সেনগুপ্ত।তথ্যচিত্রটিতে শাহ আবদুল করিমকে নিয়ে সৈয়দ শামসুল হক বলেছেন, ‘সিলেটের বৈষ্ণব ও সুফি সাধনার ঐতিহ্যের ধারাবাহিকতায় শাহ আবদুল করিম নতুন মাত্রা যোগ করেছেন। তাঁর গানে গণমানুষের কথা এবং বেঁচে থাকার সংগ্রামের কথা এসেছে। পাশাপাশি অধ্যাত্মবাদ এবং গণমানুষের মুক্তির বিষয়টিও সমানভাবে উঠে এসেছে।’ নিরঞ্জন দে বলেন, ‘শাহ আবদুল করিমের সঙ্গে ১৯৯৩ সালের দিকে প্রায় দুই ঘণ্টা খোলামেলা কথা হয়েছিল। ওই কথোপকথন থেকে নির্বাচিত ৩০ মিনিট তথ্যচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তাঁর বেড়ে ওঠার স্থল হাওর অঞ্চলের দৃশ্য এবং প্রায় শতাধিক গুরুত্বপূর্ণ স্থিরচিত্র রয়েছে।’ তিনি জানান, শিগগিরই ঢাকায় এক অনুষ্ঠানে এই তথ্যচিত্রটির ভিসিডির মোড়ক খোলা হবে।