শাহ আবদুল করিমকে নিয়ে ‘মহাজনের নাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে মঞ্চের নতুন নাটক তৈরি করেছে সুবচন নাট্য সংসদ। নাম মহাজনের নাও। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মহাজনের নাও নাটকটি প্রসঙ্গে সুদীপ চক্রবর্তী বললেন, বাউলদের একটা অংশ গান রচনা করেন দেহতত্ত্ব নিয়ে। নিজেকে জানার, নিজেকে আবিষ্কার করার এবং সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টায় তাঁরা জীবনভর সাধনা করেন। এ সাধনার অংশ হিসেবে তাঁরা কেউ কেউ গান রচনা করেন এবং নিজেও গান। বাউল সাধক শাহ আবদুল করিমের সারা জীবনের সাধনা ছিল নিজেকে জানা এবং সৃষ্টিকর্তার রহস্য উদ্ঘাটন করা। সুনামগঞ্জের ভাটি অঞ্চলের বাউল শাহ আবদুল করিম দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে তাঁর গানে নৌকাকে বেশি ব্যবহার করেন; নিজের দেহের রূপক হিসেবে। নিজেকে তিনি কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা হিসেবে বিবেচনা করেন। যে নৌকার মালিক বিধাতা, তাঁর গুরুদায়িত্ব শুধু সঠিকভাবে নৌকা চালিয়ে কোনো এক সোনারগাঁয়ে পৌঁছানোর। জীবনসায়াহ্নে এসে তাঁর নাও কোন গাঁয়ে ভিড়েছে, তা শুধু মহাজন জানেন। মূলত শাহ আবদুল করিমের জীবনের জটিলতা, সংকট এবং তার থেকে উত্তরণের বিষয়গুলো এ নাটকে প্রকাশ পেয়েছে। পাশাপাশি উঠে এসেছে জীবন ও জগৎ সম্পর্কে তাঁর বোধ এবং দর্শন।সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহম্মেদ গিয়াস জানান, মহাজনের নাও তাঁদের ৩৩তম প্রযোজনা। পুরো নাটকের সংলাপ তৈরি হয়েছে পয়ার ছন্দে। আছে শাহ আবদুল করিমের অনেক গান। নাটকটিতে অভিনয় করেছেন সুবচনের ২৩ জন কর্মী। আজ নাটকটির উদ্বোধন করবেন মামুনুর রশীদ। নিয়মিত প্রদর্শনী শুরু হবে ২৫ ও ২৬ জুন থেকে।