শাহ আবদুল করিমের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত শাহ আবদুল করিমের গান যথাযথ সুর ও বাণীতে গাওয়ার অনুরোধ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি কোনো অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে তাঁর সৃষ্টিকর্ম ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল।তিনি বলেন, ‘দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই বাবার (শাহ আবদুল করিম) গান বিনা অনুমতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশ করছে। ফলে আমরা আইনগত ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। কিছু মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রিংটোন হিসেবে বিভিন্ন শিল্পীর গাওয়া বাবার গান বিপণন করছে। কিছু প্রতিষ্ঠান বাবার গান নিয়ে অডিও সিডি ও ভিসিডি বিক্রি করছে। এ ব্যাপারে তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। ব্যাপারটি খুবই দুঃখজনক। এখন আমরা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’শাহ নূর জালাল আরও বলেন, ‘বাবার গান টিভি, বেতার কিংবা মঞ্চে যে কেউ গাইতে পারে। আমাদের অনুরোধ, তা যেন যথাযথ সুরে ও বাণীতে গাওয়া হয়।’জানা গেছে, সম্প্রতি কপিরাইট অফিসে শাহ আবদুল করিমের রচনাসমগ্র নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন নম্বর ১২০৯৪-কপার। এখন থেকে শাহ আবদুল করিমের রচনার সব স্বত্ব সংরক্ষণ করবেন তাঁর একমাত্র সন্তান শাহ নূর জালাল। শাহ নূর জালালের লিখিত অনুমতি ছাড়া শাহ আবদুল করিমের লেখা এবং গাওয়া গান কোনোভাবে ব্যবহার করা যাবে না।