শাহ আবদুল করিমের জন্মশতবর্ষে উৎসব
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে তিনি জন্মেছিলেন। এ উপলক্ষে আজ বিকেলে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে হবে ‘শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব’। এতে বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী ও গবেষক অংশ নেবেন।
শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের উদ্যোগে এবং প্রথম আলোর সার্বিক সহযোগিতায় উৎসব শুরু হবে বিকেল চারটায়। প্রয়াত বাউলের স্বকণ্ঠে গাওয়া ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের সঙ্গে ‘ছন্দ নৃত্যালয়’-এর শিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তাত্ত্বিক তপোধীর ভট্টাচার্য। আলোচনা পর্বে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, ভারতীয় সাহিত্যিক স্বপ্না ভট্টাচার্য, করিম-তনয় শাহ নূরজালাল অংশ নেবেন।
ভারতের শিল্পী মৌসুমী ভৌমিক, নাট্যকার ও অভিনেতা ফজলুল কবীর ও বাউলসাধকের শিষ্যরা পরিবেশন করবেন শাহ আবদুল করিমের গান।
উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, উৎসব উপলক্ষে শাহ আবদুল করিম: জন্মশতবর্ষ স্মরণ স্মারক-সংকলন প্রকাশিত হবে। এ ছাড়া করিমের বই নিয়ে থাকবে বইমেলা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।