শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকীতে
বাউল শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। ‘মা বলেছেন জন্ম আমার ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার’—এই গানটি থেকেই শাহ আবদুল করিমের জন্মদিন বিবেচনা করে তারিখটি ঠিক করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি। তবে জন্মশতবার্ষিকীর হিসাবটা করা হয়েছে খ্রিষ্টীয় ১৯১৬ সালকে ধরেই।
ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে পরদিন ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিন সিলেটে অনুষ্ঠিত হবে উৎসবের প্রথম পর্ব। পর্যায়ক্রমে বছরব্যাপী দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসবের কর্মসূচি চলবে। গতকাল শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক লেখক শাকুর মজিদ, ঝুনা চৌধুরী, সদস্য মানজার চৌধুরী, আহমেদ গিয়াস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ছাড়াও এই উৎসব কার্যক্রম পরিচালিত হবে পশ্চিমবঙ্গের বর্ধমান ও কলকাতা এবং আসামের শিলচর ও করিমগঞ্জে। এ ছাড়া প্রস্তুতি অনুযায়ী উৎসবের পরিসর আরও বাড়বে। এসব উৎসবে শাহ আবদুল করিমের জীবন ও কর্মকে তুলে ধরার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা।