শাহ আবদুল করিমের স্ত্রীর চরিত্রে ছবি

বাউল সাধক শাহ আবদুল করিমকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন মোক্তাদির ইবনে ছালাম। ছবির নাম ‘রঙের দুনিয়া’। ছবিতে শাহ আবদুল করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। জানালেন, এখানে তিনি তিন বয়সের চরিত্রে অভিনয় করছেন। শাহ আবদুল করিমেরও তিনটি বয়স দেখানো হয়েছে। এই বয়সগুলোতে অভিনয় করছেন ফারদিন, আগুন আর খায়রুল আলম সবুজ।
ফারজানা ছবি ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন। এর আগে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাদম্বরী দেবীর গল্প নিয়ে তৈরি ওই ছবির নাম ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’। পরিচালনা করেন হাসিনা বানু সোমা। পুরো ছবিজুড়ে ছিল দুটি মাত্র চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাদম্বরী দেবী। এই দুটি চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল ও ফারজানা ছবি। ‘রঙের দুনিয়া’ ফারজানা ছবির দ্বিতীয় চলচ্চিত্র।
ফারজানা ছবি বলেন, ‘বাউল শাহ আবদুল করিমের জীবনে সরলার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমি সেই সরলার চরিত্রে অভিনয় করছি। তাও আবার সরলার তিন বয়সের তিনটি চরিত্র। ১৭ থেকে ৬৫ বছর। আমি চেষ্টা করছি, পুরো ব্যাপারটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক মোক্তাদির ইবনে ছালাম বলেন, ‘বছর তিনেক আগে থেকে আমরা গবেষণার কাজ করছি। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিকী হারুন। ২৫ নভেম্বর ছবির শুটিং শুরু করেছি হবিগঞ্জের সুতাংয়ে। এরপর কাজ করেছি বানিয়াচং আর পুবাইলে। সামনে যাব দিরাইতে। বাউল শাহ আবদুল করিমের জীবনের সঙ্গে যেসব স্থান এবং মানুষ জড়িত ছিলেন, ছবিতে আমরা তা রাখার চেষ্টা করছি। আর শাহ আবদুল করিমের প্রচলিত ও অপ্রচলিত গান তো থাকছেই।’
‘রঙের দুনিয়া’ ছবিতে আরও অভিনয় করছেন ঝুনা চৌধুরী, শিরিন বকুল, শানরাই দেবী শানু, স্বাধীন খসরু, আবদুল আজিজ, আশিকসহ দেড় শ শিল্পী। ছবির বেশির ভাগ শিল্পীই বিভিন্ন নাটকের দলের সঙ্গে জড়িত। ছবিটি প্রযোজনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরী।