বিশ্বখ্যাত ইরানি মহাকাব্য শাহনামা। ইরানি মহাকবি ফেরদৌসি এই মহাকাব্য লিখেছিলেন ৩০ বছর ধরে। আর ইরানি জাতীয়তার উজ্জীবনের এই মহাকাব্যকে বাংলায় অনুবাদ করতে ১৭ বছর সময় নিয়েছিলেন কথাসাহিত্যিক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ। গতকাল শনিবার বিকেলে এই দুজনকে এক সূত্রে গেঁথে অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানমন্ডির ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে। ‘ফেরদৌসির শাহনামা ও মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক আলোচনা ও সাহিত্য পদক প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও ঢাকার ইরানি সাংস্কৃতিক কেন্দ্র। কবি মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পদক পেয়েছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কবি বেলাল চৌধুরী। আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ মোহাম্মদ বাকের, কেন্দ্রের কালচারাল কাউন্সেলর রেজা দিয়ানাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের প্রধান তারিক জিয়াউর রহমান সিরাজী ও একই বিভাগের ভিজিটিং অধ্যাপক ইরান জাদেই, ফোরামের মহাসচিব রাশিদুল হাসান প্রমুখ। মনিরউদ্দীন ইউসুফকে নিয়ে পিতৃ-স্মৃতিচারণা করেন মেয়ে ফাতেমা জেবুন্নেসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক ম. হামিদ। আলোচনা পর্বের পর গজল পাঠ করেন শামীমা চৌধুরী।