শাহবাগ ও রাজীব স্মরণে দূরবীনের ‘নতুন মুক্তিসেনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ প্রজন্ম চত্বরের চলমান গণ-আন্দোলনের উদ্যোক্তাদের অন্যতম ব্লগার নিহত আহমেদ রাজীব হায়দার স্মরণে নতুন একটি গান তৈরি করেছে গানের দল দূরবীন।‘নতুন মুক্তিসেনা’ গানটির সুর করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য শহীদ। সংগীতায়োজন করেছেন দূরবীন ব্যান্ডের সদস্যরা।‘জেগে আছি, থাকব জেগে/ বন্ধুরা জেগে থেকো/ তোমরা নতুন মুক্তিসেনা/ রাজীবকেও মনে রেখো/ বলেছি মাকে বিচার না পেয়ে, বাড়ি ফিরব নাকো/ তোমরা নতুন মুক্তিসেনা/ রাজীবকেও মনে রেখো—এমন কথার গানটি লিখেছেন জনি হক।গতকাল রোববার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় দূরবীনের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।নতুন গান প্রসঙ্গে শহীদ বললেন, ‘ শাহবাগ আমার চোখে দেখা তারুণ্যকে অনুপ্রেরণা। আমিও এর সঙ্গে নানাভাবে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। প্রতিদিনই বিভিন্ন কাজকর্মের ফাঁকে শাহবাগে তরুণ প্রজন্মের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন সময় গান গেয়েছি। হঠাত্ করেই রাজীব হত্যার বিষয়টি দেশের অন্য সবার মতো আমাকেও অনেক ব্যথিত করেছে। তাই রাজীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাত্র কয়েক ঘণ্টায় গানটি তৈরি করেছি।’শহীদ বলেন, ‘গীতিকারের কাছ থেকে গানটি নিয়ে স্টুডিওতে যাওয়ার পথে গাড়িতে বসেই “নতুন মুক্তিসেনা” গানটির সুর করেছি।’ গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন দূরবীনের রাফি।জানা গেছে, চ্যানেল টোয়েন্টিফোরে আজ সোমবার দূরবীনের সদস্যদের সাক্ষাত্কার ও ‘নতুন মুক্তিসেনা’ গানটি প্রচার হবে।দূরবীন ব্যান্ডের সদস্যরা হলেন: শহীদ (কণ্ঠ), আইয়ুব শাহরিয়ার (কণ্ঠ), রাফি (কি-বোর্ড), হূদয় (লিড গিটার), রুবেল (ড্রামস), শাওন (বেজ গিটার)।