শাহবাগ নিয়ে সুমন কল্যাণের গান
শাহবাগে তরুণ প্রজন্মের নবজাগরণ নিয়ে এবার গান করলেন তরুণ প্রজন্মের আরেক সংগীতশিল্পী সুমন কল্যাণ।গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন সুমন কল্যাণ। ‘শাহবাগ তুমি’ শিরোনামের গানটির প্রথম কয়েকটি লাইন হচ্ছে: ‘শাহবাগ তুমি বাংলাদেশের হূদয়/ শাহবাগ তুমি মনের অকুতোভয়/ শাহবাগ তুমি অনেক ক্ষোভের আগুন/ শাহবাগ তুমি আজ শ্লোগানের উনুন’। গানটির কথা লিখেছেন জনি হক।গতকাল বুধবার বেইলি রোডের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আর আগামী শুক্রবার সন্ধ্যায় শাহবাগে গানটি গেয়ে শোনাবেন সুমন কল্যাণ। তিনি বলেন, ‘শিল্পী ও সংগীত পরিচালক হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি। শাহবাগ আন্দোলনে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে শিল্পী হিসেবে আমার এই প্রয়াস।’সুমন আরও জানান, শুক্রবার থেকে বিভিন্ন এফএম রেডিওতে ‘শাহবাগ তুমি’ শিরোনামের গানটি প্রচার শুরু হবে। এ ছাড়া টিভি চ্যানেলেও ফিলার সং হিসেবে প্রচারিত হতে পারে এ গানটি।সুমন কল্যাণের প্রথম একক অ্যালবাম ‘নাগরিক আকাশ’ প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ সম্প্রতি পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির একটি গানের সংগীত পরিচালনা করেছেন।এর আগে শাহবাগ নিয়ে ওপার বাংলার গায়ক কবীর সুমন দুটি গান তৈরি করেছেন। আর বাংলাদেশের শিল্পীদের মধ্যে মাহমুদুজ্জামান বাবু, প্রীতম, চিরকুট ব্যান্ড, তারছেঁড়া ব্যান্ডের ভব, শফিক তুহিন, ইবরার টিপু, শহীদুল্লাহ ফরায়েজী, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, রাজেশ, পৃথ্বিরাজ, পুলক ও সায়ানসহ আরও অনেকেই গান করেছেন।