
শাহবাগে কবিদের আড্ডা! প্রশ্ন উঠল, সমকালীন কবিতার বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ কেন? একজন দুর্বল করে দিলেন প্রশ্নটি। বললেন, সৃষ্টিশীল লেখা একটু দুর্বোধ্য হওয়া ভালো। লেখা সহজবোধ্য হলে পার্থক্য করা যাবে না।
অ্যাডর্ন বুকসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার এই আড্ডা বসেছিল পাঠক সমাবেশ কেন্দ্রে। আড্ডার বিষয় কবিতা, গান ও অনুবাদ।
পাঠক সমাবেশ কেন্দ্রের বিশেষ কার্যক্রম ‘পাবলিশার্স অব দ্য মান্থ’কে কেন্দ্র করে এই আড্ডা। পাঠককে আরও সহজে দেশি-বিদেশি বইয়ের সান্নিধ্যে রাখতে মাসব্যাপী একটি প্রকাশনীকে নিয়ে নিয়মিত এ কার্যক্রম চালানো হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাহিদুল ইসলাম জানান, বিষয়বস্তু, মান ও নান্দনিক বইয়ের প্রকাশকদের জন্য এ সুযোগ করে দিচ্ছেন তাঁরা। গতকাল আড্ডার মধ্যমণি ছিলেন কবি নূরুল হুদা। তিনি বলছিলেন, ঝাঁকে ঝাঁকে তরুণ কবি আসছেন। তাঁদের শনাক্ত করা হচ্ছে না। ৫০-এর দশকের কবিদের কয়েকজন মুখে মুখে শনাক্তকরণের এই কাজটি করলেও লিখে তেমনটি করেননি কেউ।
আড্ডায় আরও অংশ নেন আমিনুর রহমান, হারুনুজ্জামান, নভেরা হোসেন, জুনান নাসিত, তপন বাগচি, আফরোজা অদিতি, প্রকাশক সৈয়দ জাকির হোসেন, কবির চান্দসহ আরও অনেকে। আগামী শুক্র ও শনিবারের আড্ডার বিষয় হবে যথাক্রমে নাটক ও নাট্যসাহিত্য এবং ইতিহাস ও গবেষণা।