শাহবাগে তারেক মাসুদের চলচ্চিত্র প্রদর্শনী
শাহবাগে নতুন প্রজন্মের নবজাগরণে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হবে। উত্সবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদেরও স্মরণ করা হবে বলে জানা গেছে।জানা গেছে, তিন দিনব্যাপী এই আয়োজনে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘নরসুন্দর’ ও ‘একুশ’ প্রদর্শিত হবে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের প্রধান এবং চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন মাসুদ বলেন, ‘গত বছর একই সময়ে আমরা অকাল প্রয়াত নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ দুর্ঘটনায় নিহত সব সহকর্মীর স্মরণে ১০ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এবার আয়োজন করছি সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে চলমান আন্দোলনের প্রতি সহূদয় সংহতি প্রকাশসহ ভাষাশহীদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে। নতুন প্রজন্মের সম্ভাবনার প্রতি তারেকের সব সময় আস্থা ছিল। বেঁচে থাকলে সে-ও নিশ্চয় কাঙ্ক্ষিত এই জাগরণ দেখে গর্বিত ও একাত্ম বোধ করত। যদিও তারেক আজ আমাদের মাঝে নেই, তবুও তার স্বপ্নের কথা বলার জন্য রয়ে গেছে তার ছবিগুলো, যা একটি অগ্রসর, অসাম্প্রদায়িক ও সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে।’ক্যাথরিন মাসুদ আরও বলেন, ‘প্রজন্ম চত্বরের পাশে শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে তার নির্মিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী এই আন্দোলনেরই একটি অংশ হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।’তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সবের প্রবেশমূল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা। প্রবেশপত্র পাওয়া যাবে প্রদর্শনীর আগে মিলনায়তন প্রাঙ্গণে।