শাহবাগে পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে।’ রবীন্দ্রনাথের এই বাণীর অভিভাব নিয়ে গতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার আয়োজনে পাঁচ দিনের পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হওয়ায় অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মিলনায়তনের বাইরের চত্বরে ঢাকের তালের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর ‘আলো আমার আলো ওগো আলো ভুবনভরা’ গানের সঙ্গে আকাশে বর্ণিল বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
পরের আয়োজনটি ছিল মিলনায়তনের ভেতরে। শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গীত হওয়ার পর শিল্পী সংস্থার শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় তিনটি গান। এরপর শুরু হয় সম্মাননা ও আলোচনা পর্ব। এ পর্বের শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত কিংবদন্তি শিল্পী মান্না দে ও ত্রিদিব চৌধুরীকে। এ ছাড়া উৎসবটি উৎসর্গ করা হয়েছে সেই দুই প্রয়াত শিল্পী বশির আহমেদ ও আজাদ হাফিজকে।
এরপর সম্মাননা জানানো হয় আনিসুজ্জামানকে। তাঁর জীবনী পাঠ করেন সংস্থার উপদেষ্টা আমিনা আহমেদ ও শ্রদ্ধার্ঘ্য পাঠ করেন সভাপতি তপন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজেদ আকবর।