শাহবাগে মুখে মুখে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে তারুণ্যের নবজাগরণ। ছড়িয়ে পড়ছে দেশে এবং দেশের বাইরের সব বয়সী মানুষের মধ্যে। থেমে নেই আমাদের সংগীত জগতের কণ্ঠশিল্পী ও গীতিকবিরা। ‘প্রজন্ম চত্বর’-এর এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একের পর গান তৈরি করছেন তাঁরা। আর গীতিকবিরা রচনা করে যাচ্ছেন নতুন গান। সংগীত জগতের তারকাদের কেউ শাহবাগের প্রজন্ম চত্বরে এসে আবার কেউ বা দূরে থেকে আন্দোলনরতদের গানের মাধ্যমে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। সেই পরম্পরায় বেশ কয়েকটি ব্যান্ড এবং একক শিল্পীর অংশগ্রহণে ঢাকার রাজু ভাষ্কর্যের সামনে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হলো প্রতিবাদী গান। গানে গানে প্রতিবাদের মাধ্যমে উচ্চারিত হলো, ‘রাজাকারদের ফাঁসি চাই।’ তারুণ্যের নবজাগরণের প্রথম দিন থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে সক্রিয়ভাবে আছেন সংগীতশিল্পী প্রীতম। তিনি বেঁধেছেন ‘একাত্তরের হাতিয়ার’ শিরোনামে একটি গান। প্রীতম বললেন, ‘একজন শিল্পী হিসেবে এটাই আমার প্রতিবাদের ভাষা।’ প্রীতম আরো বলেন, ‘শুক্রবার মহাসমাবেশের শুরুতে জাতীয় সংগীতের পরপরই সূচনাসংগীত হিসেবে এই গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে।’আন্দোলনের আরেক সক্রিয় কর্মী তারছেঁড়া ব্যান্ডের ভোকাল ভবের গানটিও শ্রোতাদের বেশ আকৃষ্ট করেছে। তাঁর গানটির কথা, ‘আমি দেখেছি দুই শূন্য তেরো দেখিনি একাত্তর/ দেখেছি শাহবাগ জনসমুদ্দুর/ আমাকে আজও মিছিল টানে, জয় বাংলা স্লোগানে।’যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত শনিবার রাতে প্রজন্ম চত্বরে এসে একটি নতুন গান তৈরি করেছেন চিরকুটের শিল্পীরা। গানটির কয়েকটি লাইন হলো ; ‘শাহবাগে জনতার বুকফাটা চিৎকার, তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার’। গানটির শিরোনাম ‘তুই রাজাকার’।চিরকুটের সুমী বলেন, ‘হঠাৎ মনে হলো, লিখে ফেললাম, পিন্টু সুর দিল, ওখানেই চিরকুটের সবাই মিলে কম্পোজিশন করলাম। মাত্র দুই ঘণ্টার মধ্যে একটি গান তৈরি হয়ে গেল।’রাতেই ‘প্রজন্ম চত্বরে’ গানটি গেয়ে শোনান চিরকুটের শিল্পীরা। আর ওই রাতেই গানটির মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত নেন পরিচালক পিপলু আর খান। ‘প্রজন্ম চত্বরে’ রাতজুড়ে তৈরি হয় ‘তুই রাজাকার’ গানের মিউজিক ভিডিও।‘শাহবাগ’ শিরোনামে একটি গান লেখেন গীতিকার শাহান কবন্ধ। গানটির কথা: ‘কোনো আপস নয়, এভাবেই আসে জয়,’। এতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ ও শফিক তুহিন। সুর করেছেন জয় শাহরিয়ার এবং সংগীত করেছেন সুজন। জয় শাহরিয়ার জানালেন, ‘শফিক তুহিন, পারভেজ, আমি; আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবাই এখন গানের সঙ্গে জড়িত। আন্দোলনের দ্বিতীয় দিন সবাই যখন গান গাইছিলেন তখন ভাবছিলাম, আমরা নিজেরাও তো এ ধরনের আন্দোলনে গান করে পাশে থাকতে পারি।’ শাহবাগ চত্বরে বসেই গানটি লেখেন শাহান কবন্ধ। শফিক তুহিন এককভাবেও ‘প্রজন্ম একাত্তর’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা-সুর তুহিনেরই। পৃথ্বীরাজ তৈরি করেছেন ‘শাহবাগে আছি’ শিরোনামের একটি গান। পৃথ্বী জানান, ‘ইন্টারনেটে গানটির জন্য বেশ ভালো সাড়া মিলছে।’এদিকে শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে মাহমুদ মানজুরের কথায় ‘তুই রাজাকার’ শিরোনামের একটি গান বেঁধেছেন ক্লোজআপ তারকা পুলক। তিনি বললেন, ‘আমরা এ প্রজন্মের সন্তান।’ ১৯৫২, ’৬৯ ও ’৭১ আমরা দেখিনি। শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করার মধ্য দিয়ে দেশের প্রতি দায়বদ্ধতা আদায়ের সুযোগটা পেয়ে খুবই খুশি লাগছে।’ ‘প্রজন্ম চত্বর’ নিয়ে রবিউল ইসলাম জীবনের কথায় ‘রক্তে আগুন লেগেছে’ শিরোনামে গান করেছেন রাজেশ।এ ছাড়া আরও গান করেছেন মাহমুদুজ্জামান বাবু, ইবরার টিপু, শহীদুল্লাহ ফরায়জী, সায়ানসহ আরও অনেকেই।