শাহরিয়ারের 'টাইম লাইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাির কায়ায় শাহরিয়ার খানের একক প্রদর্শনী ‘টাইম লাইন’ দেখছেন দর্শকেরা l ছবি: প্রথম আলো
গ্যালাির কায়ায় শাহরিয়ার খানের একক প্রদর্শনী ‘টাইম লাইন’ দেখছেন দর্শকেরা l ছবি: প্রথম আলো

একজন যানবাহনে আগুন লাগাতে ব্যস্ত। আগুনে জ্বলে বাঁচার আকুতি জানিয়ে যাত্রীরা চিৎকার করে ছুটছেন এদিক-ওদিক। জ্বলন্ত যানের ওপরে চেয়ারে বসে আছেন আরেকজন। কারও কথা শোনার সময় কিংবা ইচ্ছা তাঁর নেই। যিনি আগুন দিচ্ছেন, তিনি দাবি করছেন চেয়ারটি তাঁর! কাজে যেকোনো মূল্যে এটি দখলে নিতে চান তিনি। ২০১৩ সালের সেই চেনা সময়কে তুলে ধরা হয়েছে এ ব্যঙ্গচিত্রে।
প্রদর্শনীর শিরোনাম ‘টাইম লাইন’। অর্থাৎ ‘সময় রেখা’। উত্তরার গ্যালারি কায়ায় আয়োজিত কার্টুনিস্ট শাহরিয়ার খানের একক প্রদর্শনীর প্রতিটি কার্টুন যেন ধরে রেখেছে এক একটি সময়। নির্দিষ্ট সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে উপজীব্য করে এঁকেছেন শিল্পী। রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি আর নির্বাচন থেকে শুরু করে জ্বালানি কিংবা বিদ্যুৎ-সংকটের বিষয়গুলো উঠে এসেছে ব্যঙ্গচিত্রের এ প্রদর্শনীতে। টাইম লাইন প্রদর্শনীতে শিল্পীর ২০০৩ সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত আঁকা ৬১টি নির্বাচিত কার্টুন স্থান পেয়েছে।
দীর্ঘদিন ধরে কার্টুন চর্চা করে প্রশংসা অর্জন করলেও এবারই প্রথম একক প্রদর্শনী করলেন শাহরিয়ার খান।
গত শুক্রবার গ্যালারি কায়ায় শিশির ভট্টাচার্য্য প্রদর্শনীটির উদ্বোধন করেন। এ সময় লেখক আনিসুল হক, শিল্পী গৌতম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন৷ প্রদর্শনীটি চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।