শাহরুখ একজন পেশাদার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা শমি পাটওয়ারি। সম্প্রতি তাঁর নির্দেশনায় এক গানের ভিডিওতে দেখা গেছে বলিউড অভিনেতা শাহরুখ খান ও জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ডিপলোকে। ‘ফুর’ নামে প্রচারণামূলক গানটি কিং খান অভিনীত যাব হ্যারি মেট সেজল চলচ্চিত্রের জন্য বানানো হয়। অনলাইনে মেসেঞ্জারের মাধ্যমে কথোপকথনে শমি পাটওয়ারি শোনালেন শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা।

শারুখকে চিনেছি পুনমকে চিনে

শাহরুখ খানের একজন ভক্ত পুনম তানজিনা। তিনি শমি পাটওয়ারির স্ত্রী। পুনম নাকি একসময় নিজ ঘরে প্রিয় অভিনেতার ছবিও বাঁধিয়ে রাখতেন। আর শমি পাটওয়ারি শাহরুখ খান সম্পর্কে জানতেন—তবে তা একটু-আধটুই। দু-একটা ছবিও দেখেছেন। তবে সে জানার খাতায় হাজার পাতা যোগ হলো পুনমের সঙ্গে বিয়ের পর। এই দম্পতি বিয়ে করেছেন ২০১০ সালে। বিয়ের আয়োজন হয়েছিল বাংলাদেশেই।

শমি পাটওয়ারি ও তাঁর স্ত্রী পুনম তানজিনা
শমি পাটওয়ারি ও তাঁর স্ত্রী পুনম তানজিনা

শাহরুখ স্বপ্ন

২০১৩ সালের কথা। বাংলাদেশের সার্ফার জাফর আলমকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছিলেন শমি। আর এই কাজটি তিনি করেছিলেন জনপ্রিয় টিভি চ্যানেল এমটিভির জন্য। এমটিভির কাজটি শমিকে যে প্রযোজনা প্রতিষ্ঠান পাইয়ে দিয়েছিল, সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ছিল শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের। তখনই স্বপ্নের জাল বোনা।

শমি বলছিলেন, ‘তখন পুনম বলেছিল, “আহা! একবার যদি শাহরুখের সঙ্গে কাজের সুযোগ হতো।” আমিও সেই সুযোগের প্রত্যাশায় ছিলাম।’ শমির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ইল্যুসিভ মিডিয়া’। পুনম এই প্রতিষ্ঠানটির নির্বাহী প্রযোজক।

শুটিংয়ের ফাঁকে শাহরুখ খান ও ডিপলোর সঙ্গে। ছবি: সংগৃহীত
শুটিংয়ের ফাঁকে শাহরুখ খান ও ডিপলোর সঙ্গে। ছবি: সংগৃহীত



আচমকা ই-মেইল
অবশেষে সেই সুযোগ এল গত জুলাই মাসে। আচমকা একটা ই-মেইলে ‘নার্ভাস’ করে দিল শমি ও পুনমকে। সে মেইলটি ছিল ভারতীয় নির্মাতা ইমতিয়াজ আলীর। যাব হ্যারি মেট সেজাল ছবির পরিচালকও তিনি। ইমতিয়াজ আলী ‘ফুর’-এর ভিডিও নির্মাণের প্রস্তাব দিয়ে শমিকে যেদিন ই-মেইল করেন, সেদিনই ভিডিওর আইডিয়া লিখে ফেলেন তিনি। শাহরুখ খান সেই আইডিয়া দেখে একবারেই ‘ওকে’ করে দেন।

ভিডিওটি শমির সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের মিখেল মেহরা। মূলত মিখেলের প্রস্তাবেই শমির সঙ্গে যোগাযোগ ইমতিয়াজ আলীর। শমি বলেন, ‘যখন শুটিংয়ের তারিখ ঠিক হলো, তখন অন্য একটি কাজ নিয়ে খুব ব্যস্ত সময় কাটছিল আমার। তাই আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পুনম বলেছিল, এমন সুযোগ তো প্রতিদিন আসে না। তাই আমার আর না বলার কোনো সুযোগ থাকল না।’

২২ জুলাই শুরু হয় ‘ফুর’ গানের শুটিং। যুক্তরাষ্ট্রে হলিউডের হুডিনি ম্যানশনে টানা তিন দিনের শুটিং শেষ করেন তাঁরা। শুটিংয়ের দিনগুলো তো বটেই, সম্পাদনার চার দিনও নির্ঘুম কেটেছে শমিদের। কারণ, ছবি মুক্তির তারিখ ঘনিয়ে আসছিল। গানটি ইউটিউবে ছাড়ার তাড়া ছিল। অবশেষে ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি ১ আগস্ট ইউটিউবে ছেড়ে দেওয়া হয় রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে।

কাজের শাহরুখ, রসিক শাহরুখ
শমি শাহরুখকে পেয়েছেন আপাদমস্তক একজন পেশাদার মানুষ হিসেবে। কথার সময় তিনি বারবার বলছিলেন, ‘তিনি এত অভিজ্ঞ একজন মানুষ, মুখ ফুটে বলার আগেই সবকিছু বুঝে ফেলেন। অন্যের ভালো ভাবনা সহজেই গ্রহণ করেন।’

একজন নির্মাতা হিসেবে শাহরুখের সঙ্গে তাঁর পুরোটা সময় কেটেছে পেশাগত বিষয় নিয়ে কথা বলেই। তবে মজার সময়ও এসেছিল। তারই একটি শোনালেন শমি, ‘শুটিংয়ের সময় আমার স্ত্রী বেশ একটা ভাব ধরে কাজ করে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম, সে কতটা এক্সাইটেড। তাই একপর্যায়ে হুট করেই শাহরুখকে বলেছিলাম, আমার বউ কিন্তু তোমার ভীষণ ভক্ত। তুমি হয়তো জানলে অবাক হবে, তাঁর ঘরে তোমার ছবি টাঙানো ছিল।’ শমির এমন কথা শুনে রসিকতা করে শাহরুখ নাকি বলে ফেললেন, ‘ওই ঘরে তুমি ঢুকলে কী করে!’

চলছে শুটিং
চলছে শুটিং

পেলেন শাহরুখের জ্যাকেট

‘ফুর’-এ শাহরুখকে দেখা যায় ম্যাড ডিসেন্ট জ্যাকেট গায়ে আর ডিপলোকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক শেরওয়ানিতে। এটি ছিল শমির পরিকল্পনা। তাই শাহরুখকে সাজালেন ডিপলোর মতো, ডিপলোকে শেরওয়ানি পরিয়ে শাহরুখের মতো করে তুললেন। শমি বলেন, ‘গানের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাজার ধরা। তাই ডিপলোকে ভারতীয় পোশাক পরানো হয়।’ শুটিং শেষে শাহরুখ সেই ম্যাড ডিসেন্ট জ্যাকেটটি উপহার দেন শমিকে।

শমি-বৃত্তান্ত

শমি পাটওয়ারির পোশাকি নাম মাহফুজুর পাটওয়ারি। তাঁর বাড়ি চাঁদপুরে। বাবার কাজের সূত্রে জন্ম ঢাকাতেই। ১৯৯০ সালে মা সুরাইয়া পাটোয়ারি ও বাবা মিজানুর পাটোয়ারির সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তখন শমির বয়স আট বছর। পড়াশোনা করেছেন কম্পিউটার বিজ্ঞানে। ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই বন্ধুদের নিয়ে ইল্যুসিভ মিডিয়া কালেকটিভ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন শমি। কিন্তু তাঁর মা-বাবা চাইতেন না, শমি এসব কাজে জড়াক। তাই কিছুদিন অন্য পেশায়ও ছিলেন। তবে শেষ পর্যন্ত ২০১০ সালে সব ছেড়েছুড়ে হাতে তুলে নেন ক্যামেরা। এখন তো যুক্তরাষ্ট্রে জনপ্রিয় একজন পরিচালক হয়ে উঠেছেন বাংলাদেশের এই তরুণ।

কাজ করেছেন সিনেমাটোগ্রাফার হিসেবে, বানিয়েছেন বিজ্ঞাপন চিত্রও। এ পথে পা বাড়িয়ে যে তিনি ভুল করেননি, সেই প্রমাণও দিতে থাকেন দিনে দিনে। সংগীত তারকা বিয়ন্সে নোলস, ফ্যারেল উইলিয়াম, মার্ক রনসন, অভিনেতা কেভিন হার্টসহ বিশ্বখ্যাত অনেক তারকার সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা হয়েছে শমির। ‌আর র‌্যাপার ডিপলো তো অনেকটা ‘ঘরের মানুষ’। ‘ফুর’ গানের আগেও তাঁর সঙ্গে কাজ রয়েছে শমির। এ ছাড়া তাঁর কাজের খাতায় যোগ হয়েছে বিশ্বখ্যাত ওয়াল্ট ডিজনি, অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড, পেপসিকো, ওয়ার্ল্ড অব ম্যাকিনটোশের মতো নামীদামি অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম।