শাহরুখ ও অজয়ের লড়াই শুরু
গতকাল মঙ্গলবার ছিল দিওয়ালি। এবার দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউডের দুটি ছবি—যব তক হ্যায় জান ও সান অব সরদার। দিওয়ালিকে ঘিরেই এই মুক্তি-উৎসব। তবে এই উৎসবের মধ্যেও যেন বাজছে যুদ্ধের দামামা। একদিকে শাহরুখ খান, অন্যদিকে অজয় দেবগন। কোন ছবির ঘরে গেল সাফল্যের বারতা, তা এখনো বলা মুশকিল। যব তক হ্যায় জান ছবির সঙ্গে অবশ্য মিশে আছে বিচ্ছেদের সুর। ছবিটির পরিচালক যশ চোপড়া গত হয়েছেন ২১ অক্টোবর। তাই প্রিয় এই পরিচালকের শেষ ছবিটি নিঃসন্দেহে দর্শকদের আগ্রহের বড় কারণ। অন্যদিকে আশ্বিন ধীর পরিচালিত সান অব সরদার ছবির প্রচার-প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ছবিটি মুক্তির আগে আদালতে একটি আবেদনও করেছিলেন সান অব সরদার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবেদনটি ছিল যব তক হ্যায় জান নিয়ে। দাবি ছিল, ছবিটি দিওয়ালির দিন নয়, পরে মুক্তি পাক। আদালত সবকিছু বিবেচনা করে তা খারিজ করে দিয়েছেন। এনডিটিভি।