শাহরুখ-ক্যাটরিনার যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটি পুরোনো। শাহরুখ খানের বিপরীতে ক্যাটরিনা কাইফ প্রথমবারের মতো অভিনয় করছেন। তবে যশ চোপড়া পরিচালিত এই ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ দিন দিন বাড়ছেই। প্রথমত আট বছর পর ‘কিং অব রোমান্স’ খ্যাত যশ চোপড়া পরিচালকের আসনে বসেছেন এবং এই প্রথমবারের মতো যশ চোপড়ার ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে এ আর রহমান। ছবির নাম অবশ্য এখনো ঠিক হয়নি আর এটা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বীর-জারা ছবির ক্ষেত্রেও মুক্তির এক মাস আগে নাম ঠিক করে দর্শকদের চমক দিয়েছিলেন যশ। হয়তো এবারও সেই ধারা অক্ষুণ্ন রাখবেন। যদিও অনেকে ছবির নাম লন্ডন ইশক বলতে চাইছেন। তবে স্বয়ং শাহরুখ বলেছেন, ‘ছবির নাম লন্ডন ইশক নয়। প্রীতি জিনতা ইতিমধ্যেই প্রযোজক হিসেবে ইশক ইন প্যারিস নির্মাণ করছেন। সুতরাং আমাদের ছবির নাম লন্ডন ইশক হওয়ার প্রশ্নই আসে না।’ যশ চোপড়া-আদিত্য চোপড়াদের সঙ্গে শাহরুখের জুটি আজ অবধি ব্যর্থ হয়নি—ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, মোহাব্বতে, বীর-জারা, রাব নে বানা দি জোড়ি। যশ রাজ প্রডাকশনের চাক দে ইন্ডিয়াতেও শাহরুখ ছিলেন সপ্রতিভ, হয়েছিলেন প্রশংসিত। বীর-জারার পর যশ চোপড়া বলেছিলেন, ভালো গল্প-চিত্রনাট্য না পেলে আর কখনো ছবি করবেন না। আট বছর পর অবশেষে যশ চোপড়া গল্প পেয়েছেন। তাঁরই ছেলে আদিত্য চোপড়ার গল্প। স্বাভাবিকভাবেই যশ তাঁর সন্তানতুল্য শাহরুখকে নায়ক হিসেবে নেবেন। নায়িকা চরিত্রে তাঁর প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রানী মুখার্জি। কিন্তু রানী ঐশ্বরিয়ার সঙ্গে দ্বিতীয় চরিত্রে অভিনয় করতে চাননি। আদিত্যও চাননি তাঁর হবু স্ত্রী বাবার পরিচালনায় কাজ করুক। বাধ্য হয়েই ঐশ্বরিয়া-আনুশকা শর্মাকে শাহরুখের বিপরীতে চূড়ান্ত করেন। কিন্তু ঐশ্বরিয়া সন্তানসম্ভবা হওয়ার পর বিপাকে পড়েন যশ চোপড়া। শাহরুখ তখন অনুরোধ করেন প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার জন্য। কিন্তু যশ চোপড়ার পছন্দ কারিনা কাপুর। কিন্তু কারিনা এক বাক্যে রাজি হলেও শিডিউল বের করতে পারেননি। বাধ্য হয়েই আদিত্য চোপড়া ক্যাটরিনা কাইফের নাম প্রস্তাব করেন। ক্যাটরিনা এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের নিউইয়র্ক, মেরে ব্রাদার কি দুলহান ছবিতে কাজ করেছেন। দুটি ছবিই হিট। সালমানের বিপরীতে যশ রাজ ফিল্মসের এক থা টাইগার এবং আমিরের বিপরীতে ধুম থ্রিও সই করেছেন ক্যাটরিনা। ছবি দুটি নিয়ে প্রদর্শকদের চাহিদা আকাশচুম্বী। সবকিছু বিবেচনায় ক্যাটরিনা এবং আনুশকাকেই শাহরুখের বিপরীতে সই করান যশ-আদিত্য। সবাই ভেবেছিলেন, সালমানের বন্ধু বলে ক্যাটরিনার সঙ্গে হয়তো শাহরুখের খুব একটা জমবে না। কিন্তু শাহরুখ প্রথম দিন থেকেই ক্যাটরিনার যত্ন-আত্তিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর এতেই ক্যাটরিনা মহা খুশি। শুধু শাহরুখের সঙ্গে একদিনের শুটিং পিছিয়ে যাবে বলে মুম্বাইতে এক কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাট। মাত্র ১০ মিনিট র‌্যাম্পে হাঁটার বিনিময়ে ক্যাটরিনাকে এই পারিশ্রমিক প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ক্যাট খান সাহেবকে চটাতে চাননি। অবশ্য এর ফলও নগদ পেয়েছেন ক্যাট। শাহরুখ তাঁর প্রযোজিত আগামী ছবিতে ক্যাটরিনাকেই প্রস্তাব করেছেন। শুধু তা-ই নয়, বিমানবন্দরে ভক্তরা যখন ক্যাটের ওপর চড়াও হয়েছিল, শাহরুখই বীরদর্পে ক্যাটরিনাকে রক্ষা করেছেন। তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এসব দেখে ক্যাটরিনাও সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘শাহরুখের কোনো তুলনা নেই। তিনিই রোমান্সের দেবতা।’ ক্যাটরিনার এই বিবৃতি অনেক নায়িকার বিরক্তির উদ্রেক করলেও ক্যাটকে খুব একটা দোষ দেওয়া যায় না। কিং খানের প্রশংসা কোন নায়িকাই বা না করে? আর আর খান[বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমস, রেডিফ, স্ক্রিন অবলম্বনে]