শাহরুখ-ক্যাটরিনার ‘বাগযুদ্ধ’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশ চোপড়া পরিচালিত ‘যব তক হ্যায় জান’ ছবিটির শুটিং যখন লন্ডনে চলছিল, সে সময়টিতে শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠতার খবরে সরব হয়েছিল মিডিয়া। তবে এবারে সম্পূর্ণ ভিন্ন কারণেই খবরের শিরোনাম হলেন তাঁরা। সম্প্রতি শাহরুখের অভিনয়দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্যাটরিনা। জবাবে খান সাহেবও একহাত নিয়েছেন ক্যাটরিনাকে। ‘যব তক হ্যায় জান’ ছবিটির ‘ছাল্লা’ গানটি মুক্তি পায় চলতি মাসের শুরুর দিকে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ইউটিউবে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ গানটির ভিডিও দেখেন। গানটির সঙ্গে ঠোঁট মেলানোর পাশাপাশি গিটার বাজানোর অভিনয়ও করেছেন শাহরুখ।সম্প্রতি গানটিতে শাহরুখের গিটার বাজানোর দৃশ্যের সমালোচনা করে ক্যাটরিনা বলেন, ‘গিটার বাজানোর দৃশ্যটি মোটেও বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পারেননি শাহরুখ। গিটারের তারে তিনি যেভাবে আঙুল চালিয়েছেন, সেটা দেখে মেকি বলেই মনে হয়েছে আমার।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।ক্যাটরিনা আরও বলেন, ‘দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শাহরুখ অল্প-বিস্তর গিটার বাজানো শিখতে পারতেন। কিন্তু সেটা না করে স্রেফ গিটার হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ওই গানের দৃশ্যটিতে তাঁকে যেভাবে গিটার ধরতে দেখা গেছে, তাতে স্পষ্ট বোঝা যায় যে গিটার বাজানো সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।’ক্যাটরিনার এমন ধারালো সমালোচনায় ভালোই চটেছেন শাহরুখ। এর পাল্টা জবাবে তিনি বলেছেন, ‘গতানুগতিক ধারার অভিনয়শিল্পীর মতো আচরণ বন্ধ করা উচিত ক্যাটরিনার। ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবির একটি গানে তাঁকেও আমি গিটার বাজাতে দেখেছি। সেখানে সে যে খুব বিশ্বাসযোগ্যভাবে গিটার বাজিয়েছে, তা কিন্তু নয়।’ এর জবাবে ক্যাটরিনা জানিয়েছেন, ‘অন্তত শাহরুখের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ছিল আমার গিটার বাজানোর দৃশ্য।’ক্যাটরিনার এমন চাঁচাছোলা জবাব শুনে তাঁর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহরুখ বলেন, ‘আমি চাই, “ছাল্লা” গানের সঙ্গে গিটার বাজানো শিখে পরবর্তী সংবাদ সম্মেলনে বাজিয়ে শোনাবে ক্যাটরিনা।’ ক্যাটরিনাও বিনা বাক্যব্যয়ে শাহরুখের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এমন বাগযুদ্ধের পর এখন বাকি শুধু ক্যাটরিনার গিটারযুদ্ধ। প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখ ও ক্যাটরিনা অভিনীত ‘যব তক হ্যায় জান’ ছবির গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাগযুদ্ধে জড়িয়েছিলেন বলিউডের প্রথম সারির এই দুই তারকা।