শাহরুখ-ক্যাটের নতুন ছবির নাম কী?

আনন্দ এল রাই যে শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে একটি ছবি তৈরি করতে যাচ্ছেন, সেটা অনেকেই জানেন। এখানে শাহরুখ বামনের চরিত্রে অভিনয় করবেন—এ নিয়েও ভূরি ভূরি প্রতিবেদন লেখা হয়ে গেছে। ধোঁয়াশা ছিল ছবির আরেক নায়িকা কে হবেন এ নিয়ে। সম্প্রতি এই রহস্যেরও মীমাংসা করেছেন নির্মাতা। জানিয়েছেন, আলিয়া ভাট হবেন ছবির দ্বিতীয় নায়িকা। আর ক্যাটরিনার চরিত্রটি হলো একজন অভিনেত্রীর। এত সব বলে দিয়ে শুধু ছবির নামটিই এখন পর্যন্ত ঠিক করতে পারছেন না তাঁরা। তবে একটি সূত্র থেকে ছবির সম্ভাব্য দুটি নামও জানা গেছে।
গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখের নতুন এই ছবির নাম হতে পারে ‘বন্ধুয়া’। আসলে এ খবরটি সঠিক নয়। এটি অন্য এক পরিচালকের ছবি, সেখানে অভিনয়ের জন্য ‘কিং খান’কে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর আনন্দ এল রাইয়ের এই ছবিটির নাম হতে পারে, ‘লাভ ইউ ক্যাটরিনা’ বা ‘ক্যাটরিনা মেরি জান’। শাহরুখ আর আনন্দ দুজন মিলে আলোচনা করেই এই নাম দুটি ঠিক করেছেন। এখন যে নামটি তাঁদের পরিচিতজনদের মধ্যে বেশি ভোট পাবে, সেটিই চূড়ান্ত করা হবে। বলিউড বাবল।