শাহরুখ খানের জন্য বিশেষ নিরাপত্তা
বলিউড অভিনেতা শাহরুখ খান আগামী ৯ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখছেন। তাঁর বাংলাদেশে আসা নিয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। ১২ সদস্যবিশিষ্ট নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও শাহরুখের জন্য থাকছে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের সাড়ে ৩০০ সদস্যের বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এঁদের মধ্যে ৩০ জন নারী নিরাপত্তাকর্মী রয়েছেন। থাকবে বাউন্সার (বডিবিল্ডার) নামের ৪০০ স্বেচ্ছাসেবী। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যও থাকবেন। থাকবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। বলিউড অভিনেতার নিরাপত্তার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল র্যাডিসন এবং আর্মি স্টেডিয়াম পর্যন্ত নেওয়া হবে বিশেষ নিরাপত্তা। ‘কিং খান লাইভ ইন ঢাকা’র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন বেসরকারি সংস্থা এলিট ফোর্সের পরিচালক শরীফ শাহাম। তিনি বলেন, ‘শাহরুখ খানের বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে আমাদের এত আয়োজন। সফরটা সফল করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমাদের নিরাপত্তাকর্মীদের এই আয়োজন নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিং খান লাইভ ইন ঢাকা উপলক্ষে আর্মি স্টেডিয়ামের আটটি ফটকে আরও আটটি ফটক তৈরি করা হয়েছে। এসব ফটকে থাকবে ১৬টি আর্চওয়ে মেটাল ডিটেক্টর, ৩২টি হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর। সার্বক্ষণিকভাবে চালু থাকবে ৪০টি সিসি ক্যামেরা। মাঠের মধ্যে থাকবে তিনটি মনিটরিং সেল। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কিছু কর্মকর্তা সিভিল পোশাকে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে আয়োজনটি সফলের জন্য কাজ করে যাচ্ছি।’অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘আমার দীর্ঘদিনের চেষ্টার পর শাহরুখ খান বাংলাদেশে আসছেন। বিশ্বমানের এই তারকার জন্য তাই নেওয়া হয়েছে বাড়তি সব নিরাপত্তাব্যবস্থা। তাঁর নিরাপত্তার জন্য আমরা পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর কাছে সহায়তা চেয়েছি। তারা সবাই নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে। আমি আশাবাদী যে অনুষ্ঠানটি ভালোভাবে শেষ করতে পারব।’