শাহরুখ খানের সঙ্গে কয়েক মিনিট
১০ ডিসেম্বর মাত্র ১১ ঘণ্টার সফরে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। আর্মি স্টেডিয়ামে শাহরুখ খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই দিন অনুষ্ঠানের শেষে শাহরুখ খানের একটি বিশেষ সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান বৈশাখী টিভির সহ-মহাব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন) ও জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারহানা নিশো। বড়দিন উপলক্ষে আজ এই সাক্ষাৎকারটি বৈশাখী টিভিতে দেখানো হবে রাত আটটায়। ওই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হলো—ঢাকায় আপনাকে স্বাগত। কেমন লাগছে?অনেক ভালো লাগছে। মনে হচ্ছে, যদি আরও আগে আসতে পারতাম। এ রকম আয়োজন আরও আগে হলে ভালো হতো। যখন ছোট ছিলাম, তখন বাবা আমাকে শেখ মুজিবুর রহমানের কথা বলতেন। আর এখন তাঁর এই সোনার বাংলায় আসতে পেরে অনেক অনেক ভালো লাগছে। কিছুদিন থাকার খুব ইচ্ছা হচ্ছে। কিন্তু উপায় নেই। এটুকু বলতে পারি, আমি অবশ্যই আবার আসব। আমার স্ত্রী এবং বাচ্চাদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে আসব। আসলে এটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এবার আরেকটু আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু আমার এক বন্ধু অসুস্থ থাকায় খুব অল্প সময় হাতে নিয়ে এসেছি। ঢাকার দর্শকদের কেমন লাগছে?চমৎকার। অনুষ্ঠানটা যদি পুরো রাত করতে পারতাম তাহলে আরও ভালো লাগত। সোনার বাংলা। এখানকার মানুষের গোল্ডেন হার্ট। তারা ভালোবাসা ভাগ করে নিতে পারে। সোনার মতো সুন্দর মন আছে। আমি এখানে ভালোবাসা ও আনন্দের দূত হয়ে এসেছি। আমি ভারত থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছি বাংলাদেশের মানুষের জন্য।বাংলাদেশ ও ভারতের এই যে সাংস্কৃতিক আদান-প্রদান হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা প্রত্যেকেই এই উপমহাদেশের। আমাদের সবার সংস্কৃতির মধ্যে একটা মিল আছে। হয়তো আমরা সবাই আলাদা আলাদা ভাষায় কথা বলি, কিন্তু আমরা সবাই জীবনকে একইভাবে বিশ্বাস করি। এই বিশ্বাস, সংস্কৃতি এবং জীবনধারার জন্য আমাদের ভালোবাসাও একই। আমার মনে হয় এই ব্যাপারগুলোকে কোনো সীমারেখা দিয়ে বেঁধে রাখা যায় না। সুতরাং এটা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা সাংস্কৃতিক ভালোবাসার বন্ধন।আসলে আমি এখানে আসার ব্যাপারে অনেক উৎসাহী ছিলাম। এই মাত্র আমার বাচ্চাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম। তাদের বললাম, বাংলাদেশে আসাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অভিজ্ঞতা। যখন আমি ছোট ছিলাম তখন রুনা লায়রার গান শুনতাম—‘দমা দম মাস্ত কালান্দার’। কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীনের কথা শুনেছি। আমি বাংলাদেশের সবাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ভক্তদের উদ্দেশে কিছু বলবেন?সবাইকে ৪০তম বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় হবে জীবনের, বিজয় হবে সুখের এবং আনন্দের। এখানকার প্রতিটি মানুষের সাফল্যের জন্য শুভকামনা রইল। সাক্ষাৎকারটি বৈশাখী টিভির সৌজন্যে পাওয়া