শাহরুখ-গৌরির দূরত্ব বাড়ছে!
এবারের আইপিএল মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স জয়ের পথেই হাঁটছে। কিন্তু এখন পর্যন্ত মাঠে গিয়ে দলটির জন্য জয়োল্লাস করতে দেখা যায়নি শাহরুখ পত্নী গৌরি খানকে। এমনকি কিছুদিন ধরে শাহরুখের সঙ্গে কোনো পার্টিতেই হাজির হচ্ছেন না গৌরি।ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক খবরে মিড-ডেডটকম জানিয়েছে, অনেকেই মন্তব্য করেছেন, প্রথমে প্রিয়াংকা চোপড়া এবং তারপর ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতার খবরে ভালো যাচ্ছে না শাহরুখ-গৌরির সম্পর্ক। ক্রমশই দূরত্ব বাড়ছে এই দম্পতির ভেতরে।অথচ দীর্ঘ ২৮ বছরের সম্পর্ক তাঁদের। ১৯৮৪ সালে শাহরুখের সঙ্গে গৌরির প্রথম পরিচয়। পরিচয় থেকে প্রেম এরপর পরিণয়ের দিকে এগিয়ে যায় তাঁদের সম্পর্ক। সাত বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। বিয়ের সময় তারকা খ্যাতি ছিল না শাহরুখের। পরবর্তী সময়ে ২১ বছরের সংসার জীবনে শাহরুখ-গৌরির ঘরে আসে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা।বিগত বছরগুলোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই শাহরুখের সঙ্গে মাঠে হাজির হয়েছেন গৌরি। প্রায় প্রতিটি ম্যাচেই একদল বন্ধু-বান্ধব এবং স্বামীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উল্লাস করতে দেখা গেছে তাঁকে। কিন্তু এ বছর খেলার মাঠে গৌরির অনুপস্থিতির বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের ভেতরে। এ ছাড়া গত সপ্তাহে বোন শেহনাজ, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে মুম্বাইয়ের একটি ক্লাবে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন গৌরি। এসব কারণে দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে অনেকেই মত দিয়েছেন, দূরত্ব বাড়ছে শাহরুখ-গৌরির সম্পর্কে। এদিকে হঠাত্ করেই নিজের ক্যারিয়ার নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন গৌরি। সম্প্রতি তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে পুনের বিলাসবহুল পেন্টহাউসের ইনটেরিয়র ডিজাইনের কাজ করছেন। শাহরুখকে ঘিরে নানা বিতর্কের খবরে বিরক্ত গৌরি কাজের মধ্যে মুক্তি খুঁজছেন নাকি মিডিয়া থেকে দূরে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন তা অবশ্য স্পষ্ট জানা যায়নি। উল্লেখ্য, পেশাগত জীবনে চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ইনটেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করছেন গৌরি খান।