শাহরুখ-গৌরীর সংসারে নতুন অতিথি!
তবে কি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পথই অনুসরণ করছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান! সম্প্রতি এক খবরে জিনিউজ জানিয়েছে, তৃতীয় সন্তান নিচ্ছেন শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খান। সারোগেসি পদ্ধতিতে ছেলেসন্তানের বাবা হচ্ছেন শাহরুখ। এই পদ্ধতিতে একজন ভাড়াটে মায়ের গর্ভে বেড়ে ওঠে অনাগত সন্তান। এর আগে বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা আমির খানও একই পদ্ধতিতে তৃতীয় সন্তানের জনক হয়েছেন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গৌরীর সিদ্ধান্তেই আবার বাবা হতে রাজি হয়েছেন শাহরুখ। তাঁদের ছেলে আরিয়ানের বয়স ১৫ ও মেয়ে সুহানার বয়স ১৩। এবার সুহানাকে আরেকটি ভাই উপহার দিচ্ছেন শাহরুখ-গৌরী। এরই মধ্যে পরিবারের নতুন অতিথির জন্য মান্নাত বাসভবন নতুন করে সাজানোর কাজও শুরু করে দিয়েছেন গৌরী। ২০০২ সালে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হয় আমির খানের। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। আইনগতভাবে দুই ছেলেমেয়েরই দেখভালের দায়িত্ব পান রিনা। ২০০৫ সালে আমির দ্বিতীয় বিয়ে করেন। অকাল গর্ভপাতের কারণে গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০১১ সালের ডিসেম্বরে এক ভাড়াটে মায়ের গর্ভে জন্ম হয় আমির-কিরণ দম্পতির ছেলে আজাদ রাও খানের। আমির ও কিরণ যে চিকিত্সকের তত্ত্বাবধানে ছিলেন, এবার সেই চিকিত্সকের দ্বারস্থ হয়েছেন শাহরুখ-গৌরী। অবশ্য বিষয়টি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ কিংবা গৌরীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।