শাহরুখ চাইলে ফের বন্ধু হবেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও সালমান খানের চিরবৈরিতার বরফ কয়েক দিন হলো গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবার শাহরুখ চাইলে পুরোনো সব বিবাদ ভুলে ফের বন্ধু বনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালমান। খুব বেশি দিন হয়নি সালমান বলেছিলেন, ‘শাহরুখ ও আমার ভেতর আর কখনোই বন্ধুত্ব হবে না।’ কিন্তু সম্প্রতি ভিন্ন সুরে কথা বলেছেন এই ‘দাবাং’ তারকা। শাহরুখের সঙ্গে আবার দোস্তি পাতাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইতিবাচক জবাবই দিয়েছেন সালমান। ‘আসলে, এসব নিয়ে ভাবার খুব একটা সময় পাই না। কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, কেউ যদি দরজায় এসে কড়া নাড়ে তবে কখনোই তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে নেই।’ ডিএনএ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে শাহরুখের সঙ্গে পুনর্মিলনের আভাস দিয়ে এমনটাই বলেছেন সালমান। উল্লেখ্য, একসময় খুব কাছের বন্ধু ছিলেন শাহরুখ ও সালমান। কিন্তু ধীরে ধীরে ফাটল ধরে তাঁদের বন্ধুত্বে। একপর্যায়ে বন্ধু থেকে চিরশত্রুতে পরিণত হন। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক বিরাজ করছিল। কথা বলা তো দূরের কথা, একে অন্যের ছায়া পর্যন্ত মাড়াতেন না। কিন্তু গত কয়েক দিনে এই দুই তারকার আচরণ ও কথাবার্তায় পুনর্মিলনের আভাস পাওয়া যায়। সর্বশেষ, সালমান ও শাহরুখ পরস্পরকে শুভকামনা জানান। এর পর থেকে তাঁদের অগণিত ভক্ত আশায় বুক বেঁধেছে, শিগগিরই হয়তো সব দ্বন্দ্ব দূরে ঠেলে হাত মেলাতে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। ভক্তদের তাঁরা কবে সেই মাহেন্দ্রক্ষণ উপহার দেন, সেটাই এখন দেখার বিষয়।