শাহরুখ-প্রিয়াংকা আরও কাছাকাছি
বলিউডের তুমুল জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান এবং প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতা নিয়ে এখন পর্যন্ত জল কম ঘোলা হয়নি। মাঝে তাঁরা একে অপরের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করলেও, সম্প্রতি ফের তাঁদের সখ্য বেড়েছে বলেই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’। ২০১১ সালের ডিসেম্বরে শাহরুখ-প্রিয়াংকার ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ার পর বিষয়টিকে মেনে নিতে পারেননি কিং খানের কাছের বন্ধুরা। তাঁদের অনেকেই গৌরির সঙ্গে শাহরুখের ২০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠার জন্য প্রিয়াংকাকে দায়ী করেছিলেন। তাঁদের কাছ থেকে প্রিয়াংকাকে অনেক অপমানও সইতে হয়েছে। এজন্য কিছুদিন আগে প্রিয়াংকার কাছে ক্ষমা চেয়েছেন শাহরুখ। শুধু তাই নয়, ইদানীং কাছের ওই বন্ধুদের সঙ্গে দূরত্বও সৃষ্টি করেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ। তিনি সবাইকে সাফ জানিয়ে দিয়েছেন, প্রিয়াংকাকে নিয়ে কোনো কটুকাটব্য একদমই বরদাস্ত করবেন না। কেবল ব্যক্তি জীবনেই নয়, পেশা জীবনেও এই জুটির ঘনিষ্ঠতার খবর মিলেছে। বর্তমানে পণ্যের দূতিয়ালির ক্ষেত্রে প্রিয়াংকার হয়ে সব সিদ্ধান্ত নিচ্ছেন শাহরুখ। পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষি থেকে শুরু করে চুক্তি স্বাক্ষরের খুঁটি-নাটি নানা বিষয় দফা-রফার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন কিং খান। তাঁর চূড়ান্ত অনুমতি পাওয়ার পরই কেবল চুক্তিতে সই করছেন প্রিয়াংকা।