শাহরুখ-প্রিয়াংকা আবারও কাছাকাছি!
মাঝে কিছুদিন শাহরুখের ছায়া না মাড়ালেও শাহরুখের বিপদে ঠিকই পাশে এসে দাঁড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে শাহরুখের বাগবিতণ্ডার জের ধরে তাঁকে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষণা করায় শাহরুখের পক্ষ নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ওয়াংখেড়ের ঘটনায় প্রিয়াংকার অবস্থান জানতে চাইলে শাহরুখের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘সেদিন শাহরুখের বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এটা খুবই অন্যায়। সন্তানের অভিভাবক হিসেবে শাহরুখ যা করেছেন, তাতে তাঁকে দোষ দেওয়ার কোনো অবকাশ নেই। শাহরুখের জায়গায় আমি থাকলেও এমনটাই করতাম।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এদিকে জানা গেছে, কিছুদিন আগের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ পরিবেশনাতেও অংশ নিয়েছেন বহুল আলোচিত বলিউডের এই দুই তারকা। সেখানে ‘ডন’ ছবির গানের সঙ্গে নেচেছেন তাঁরা। এসব কারণে খবর ছড়িয়েছে, অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে আবারও একে অপরের কাছাকাছি আসছেন শাহরুখ-প্রিয়াংকা। খুব বেশি দিন হয়নি যখন শাহরুখ-প্রিয়াংকার ঘনিষ্ঠতার খবরে মুখরিত হয়েছিল বলিউডের মিডিয়াপাড়া। বিষয়টি নিয়ে জলও কম ঘোলা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে শাহরুখ-গৌরির ২০ বছরের সাজানো সংসারে সংকট সৃষ্টি হয়েছে। গৌরি এখন ব্যস্ত থাকছেন তাঁর পেশাগত কাজ নিয়ে। এমনকি শাহরুখের সঙ্গে বাইরে কোথাও ঘুরতেও যাচ্ছেন না। শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি স্বীকার না করলেও একে ঠিক উড়িয়েও দেননি প্রিয়াংকা। মাঝে অবশ্য শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলকে সমর্থন না দিয়ে শাহরুখ ছাড়াও বলিউডে ভালো অনেক বন্ধু আছে বলে জানিয়েছিলেন প্রিয়াংকা। তাঁর এমন মন্তব্যে সবাই ধরে নিয়েছিলেন, তাহলে সম্ভবত শাহরুখ-প্রিয়াংকা সম্পর্কের ইতি ঘটেছে। কিন্তু সম্প্রতি আবারও একসঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ায় এবং ওয়াংখেড়ে ঘটনায় শাহরুখের পক্ষ নেওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন শাহরুখ-প্রিয়াংকা।