শাহরুখ-ভক্ত পেনেলোপে ক্রুজ!
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে শক্ত একটি অবস্থানে পৌঁছেছে বলিউডের চলচ্চিত্র। ইদানীং অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাই বলিউডে কাজের আগ্রহ প্রকাশ করছেন। সম্প্রতি বলিউডে অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। সহতারকা হিসেবে তিনি পেতে চান ‘রা ওয়ান’ তারকা শাহরুখ খানকে। হিন্দি ছবিতে কখনো কাজ করবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে টাইমস অব ইন্ডিয়াকে পেনেলোপে ক্রুজ বলেন, ‘অত্যন্ত শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ভারতের। আন্তর্জাতিক অঙ্গনে বলিউড এখন সুপরিচিত একটি নাম। ক্রমেই বলিউডের ছবির কদর বেড়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে।’ ক্রুজ আরও বলেন, ‘বর্তমানে হলিউডের অনেক নামীদামি তারকাই বলিউডে কাজের আগ্রহ প্রকাশ করছেন। বলিউডের তারকাদের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে তাঁদের সঙ্গেও অভিনয়ের আগ্রহ দেখাচ্ছেন। আমিও এর ব্যতিক্রম নই। শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে আমার।’ দাতব্য কাজে এর আগে ভারতে এসেছিলেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। আবারও ভারত সফরে আসবেন কি না, এমন প্রশ্নের জবাবে ক্রুজ জানান, ‘পেশাগত কাজের পাশাপাশি আমার ছোট্ট ছেলে লিওনার্দোর পেছনে বেশ খানিকটা সময় ব্যয় করতে হচ্ছে। প্রচণ্ড ব্যস্ততার পরও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দাতব্য কাজের সঙ্গে জড়িত আছি আমি। অবশ্যই আমি আবার ভারত সফরে যাব। কারণ দেশটিকে আমি অনেক ভালোবাসি।’